ফকিরাপুলে ৩ রিভলবারসহ গাড়িচালক আটক
রাজধানীর ফকিরাপুল থেকে তিনটি রিভলবারসহ এক যুবককে আটক করার খবর জানিয়েছে র্যাব।
শুক্রবার ফকিরাপুলের পানির ট্যাঙ্কির পাশ থেকে তাকে আটক করা হয় বলে জানান র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মো. মেহেদী হাসান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পানির ট্যাঙ্কির পাশে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। পৌনে ১২টার দিকে র্যাব সদস্যরা সেখানে একটি প্রাইভেটকারকে থামার সঙ্কেত দেন।
“এসময় চালক গাড়ি না থামিয়ে তল্লাশি চৌকি ভেঙে পাশের সড়ক দ্বীপে তুলে দেন। সঙ্গে সঙ্গে র্যাব সদস্যরা তাকে আটক করেন।”
র্যাব কর্মকর্তা মেহেদী বলেন, ৩৫ বছর বয়সী ওই গাড়িচালকের কোমরে একটি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়। পরে গাড়ি তল্লাশি করে একটি ব্যাগে দুটি রিভলবার পাওয়া যায়।
“এই মুহূর্তে ওই যুবকের নাম বলব না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে,” বলেন মেজর মেহেদী।
