ভয়হীন শৈশবে মুখর শিশু পার্ক
সন্ত্রাসী হামলা ও বোমা আতঙ্কের ভয় উপেক্ষা করে ঈদুল ফিতরের প্রথম দিনই রাজধানীর শিশু পার্কে যেন ঢল নেমেছে শিশু-কিশোরদের।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের পরপরই কচিকাঁচাদের আনাগোনায় মুখর হয়ে ওঠে শাহবাগের শিশু পার্ক।
দায়িত্বরত কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী ইঞ্জিনিয়ার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে শিশু পার্ক।
সরেজমিন দেখা গেছে, শিশু পার্ক ঘিরে পুলিশ ও র্যাব সদস্যদের উপস্থিতি ছিল সকাল থেকেই। তবে যতটা বলা হয়েছিল ততটা কঠোর ছিল না সেই নিরাপত্তা ব্যবস্থা।
সকালে মেয়ে এশাকে নিয়ে পার্কে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী এজাজ আহমেদ।
‘ভয়কে জয় করে’ তিন মেয়ে সানজিদা, সুমাইয়া ও তাসিনকে নিয়ে শিশু পার্কে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, “শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। উত্তরা থেকে আসার পথে অনেক নিরাপত্তা চৌকি দেখেছি। কিন্তু এখানে নিরাপত্তার কড়াকড়ি নেই। শিশুরা এখানে মনের আনন্দে খেলে বেড়াচ্ছে। মনের মতো করে একটি দিন কাটাচ্ছে তারা।”
তার চতুর্থ শ্রেণিপড়ুয়া মেয়ে সানজিদা জানাল, ট্রেনে চড়ার লোভে সে প্রতি ঈদে শিশু পার্কে আসে। এবার সে ‘ম্যাজিক নৌকা’ আর ‘আনন্দ ঘূর্ণি’তে চড়েছে।
ব্যস্ততার কারণে একমাত্র মেয়ে মিমকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারেন না লালবাগের হুমায়ূন কবির। ঈদের ছুটিতে তাই মেয়েকে নিয়ে এসেছেন শিশু পার্কে। পার্কে ঢুকতেই মিম লাফিয়ে পড়ল ‘লম্ফঝম্ফ’-তে।
হুমায়ূন কবির বলেন, “নিরাপত্তার কথা বলেছে সবাই। কিন্তু ভয় পেয়ে ঘরে বসে তো আর ঈদের আনন্দ উপভোগ করা যায় না। মেয়েকে নিয়ে তাই চলে এলাম শিশু পার্কে।”
বেলা ১১টার দিকে পার্কের মাঝখানের বড় বট গাছটায় দেখা গেল একদিল ‘দস্যি ছেলে’, যারা রাইডে চড়ার ফাঁকে উঠে পড়েছে গাছটিতে। তাদের একজন খিলগাঁওয়ের রিদোয়ান মো. আরিফ।
সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী বলল, “আমি প্রায়ই গাছে উঠি। এটা আমার কাছে কোনো ব্যাপারই না।”
শিশু পার্কে বরাবরের মতোই এবারও সবচেয়ে বেশি ভিড় হয় ‘টয় ট্রেনে’।
মিনহাজ বলেন, “আজ একটু ভিড় হবেই, এটা তো মানতেই হবে। তবে আমাদের কোনো কষ্ট হচ্ছে না। ট্রেনে চড়তে পেরেছি, এটাই তো মজা।
“আমাদের কত বন্ধু স্কুলে এসে ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার গল্প বলে। ট্রেনে চড়ে বাড়ি যাওয়ার মজা কী তা তো আমরা জানি না। গ্রামে যেতে হয় বাসে।”
মালিবাগের বাসিন্দা ইমরুল কায়েস এসেছিলেন চাচাতো বোন শশী, মারজান ও মিমকে নিয়ে।
তিনি বলেন, “সচারচার আসা হয় না শিশু পার্কে। ঈদ উপলক্ষে ছোট ভাই-বোনরা বায়না ধরল। তাদের জন্যই এলাম।”
মুগদা থেকে বাবা-মায়ের সঙ্গে আসা সাত বছর বয়সী মামুন চড়েছে ‘ঝুলানো চেয়ার’ রাইডে। বাবা আব্দুর রহিমের কাছে তার বায়না- ‘ম্যাজিক নৌকা’ আর ‘টয় ট্রেন’ এ চড়তে দিতে হবে।
আব্দুর রহিম বলেন, “দেখেন, শিশু পার্কে আজ কত শিশুর ঢল। এদের দেখে কেউ বলবে, রাজধানীবাসী আতঙ্কে আছে।”
শুধু গাজীপুর থেকে নয়, তার থেকে দূরের পথ পাড়ি দিয়েও বাচ্চাদের ঈদ আনন্দ দিতে ঢাকায় আসেন কেউ কেউ।
ভোলার দিহান মাহমুদ ও কুমিল্লার হারাধন সাহা জানান, ঈদের আনন্দ উপভোগ করতেই বাচ্চাদের নিয়ে ঢাকা এসেছেন তারা।
হারাধনের দুই মেয়ে সৃজনী, আদৃতা চড়েছে ‘আনন্দ ঘূর্ণি’ ও ‘ফুলদানি আমেজ’ রাইডে।
আদৃতা বলে, “এবারই প্রথম ঢাকায় এলাম। এসেই আমরা শিশু পার্কে এসেছি। এখানে খুব মজা হচ্ছে।”
শিশু পার্কের আরেক জনপ্রিয় রাইড ‘নাইন-ডি সিনেমা’।
মো. আব্দুল্লাহ আল জোবায়ের জিয়াদ নামের উত্তরার এক স্কুলছাত্র বলল, “এই রাইডে সিনেমার নানা দৃশ্য একেবারে জীবন্ত মনে হয়। মনে হয়, এই বুঝি ভয়ঙ্কর দর্শন সব প্রাণী এসে জাপটে ধরল।”
মিরপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী দেলোয়ার হোসেন মেয়ে সাবিহা তাসনিম ও মিথিলাকে নিয়ে এসেছিলেন পার্কে।
তারা চড়েছেন ‘ম্যাজিক নৌকা’ রাইডসহ বেশ কয়েকটি রাইডে।
দেলোয়ার হোসেন বলেন, “শিশুদের আনন্দ উদযাপনের ক্ষণটি যেন নিরাপদ হয়, আমরা সেই দোয়া করেছি। ক্রমে অনিরাপদ হয়ে পড়া এই শহরে শিশুদের নির্মল আনন্দ দেখে এখন একটাই চাওয়া- কখনও যেন কোনো বিপদ আসে না তাদের জীবনে।”
