২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভাইবোন বুড়িগঙ্গায়, একজনের লাশ উদ্ধার

ঈদে ঘরমুখো যাত্রীর চাপে সদরঘাটের একটি পন্টুনের রেলিং ভেঙে ভাইবোন নদীতে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক শিশুর লাশ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 02:36 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. সামসুল আলম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা থেকে সুমাইয়া নামের ৩ বছর বয়সী মেয়েটির লাশ উদ্ধার করেন তারা।

তার ভাই সাকিব (০৬) এখনও নিখোঁজ বলে এই পুলিশ সদস্য জানান।

এই দুই শিশুর বাবার নাম সুমন; তাদের বাড়ি শরিয়তপুরে।

ঈদ করতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য মঙ্গলবার সকালে মিরপুর থেকে সদরঘাটে আসে ওই পরিবার।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রীদের চাপে ৯ নম্বর পন্টুনের রেলিং ভেঙে কয়েকজন যাত্রীসহ ওই দুই শিশু বুড়িগঙ্গায় পড়ে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় তিন ঘণ্টা পর বেলা ১১টার দিকে সুমাইয়ার লাশ পান তারা।

সাকিবের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআই সামসুল জানান।