২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধাওয়া নয়, জাফরুল্লাহর সঙ্গে অসদাচরণ হয়েছে’

‘শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে ধাওয়া’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সংবাদে ‘তথ্য বিভ্রাট’ হয়েছে দাবি করে তখন তার সঙ্গে থাকা মানবাধিকারকর্মী শিরিন হক বলেছেন, ধাওয়ার কোনো ঘটনা ঘটেনি, আয়োজকদের একটি অংশ তাদের সঙ্গে অসদাচরণ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 05:44 PM

Updated : 20 Aug 2022, 01:08 PM

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত তিন বাংলাদেশি ও ১৭ বিদেশি স্মরণে রোববার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মোমবাতি কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আয়োজকদের একাংশের প্রতিরোধের মুখে পড়ে অনুষ্ঠানস্থল ছাড়তে হয় জাফরুল্লাহ চৌধুরীকে।

ওই কর্মসূচিতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের বক্তব্য শুরু হতেই গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক শাহীন তেড়ে যান জাফরুল্লাহ ও শিরিনের দিকে। তাদের সেখান থেকে চলে যেতে বলেন তিনি।

জাফরুল্লাহ চৌধুরী শহীদ মিনার ছেড়ে যাবেন না বলার পর আরও কয়েকজন সংস্কৃতিকর্মী তার দিকে তেড়ে যান। এক পর্যায়ে সবার সামনেই জাফরুল্লাহ ও শিরিন হকের হাত থেকে মোমবাতি কেড়ে নেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী কমিটির সদস্য ও বাংলা একাডেমির উপ-পরিচালক শাহাদাৎ হোসেন নিপু।

কর্মসূচি শেষ হলে সবার সামনেই একদল সংস্কৃতিকর্মী ধেয়ে এসে ঘিরে ধরেন জাফরুল্লাহ ও শিরিন হককে। এরপর সাংস্কৃতিক জোটের নেতারা সেখানে উপস্থিত হয়ে দুজনকে চলে যেতে অনুরোধ করলে তারা চলে যান।

সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ই-মেইলে পাঠানো ‘প্রতিবাদপত্রে’ শিরিন হক বলেন, “সংবাদে কিছু কথা আছে যা সঠিক নয় এবং শিরোনামটি বিভ্রান্তিকর।

“আয়োজকদের আমন্ত্রণ ও আমাদের নাগরিক দায়বোধ থেকে আমি ও জাফরুল্লাহ চৌধুরী অনুষ্ঠানে যোগদান করি।… আয়োজকদের একটি ক্ষুদ্র একাংশ শহীদ মিনারে অসদাচারণ করেন দুজন মুক্তিযোদ্ধার সাথে।”

শিরিন বলেন, “অনুষ্ঠান চলাকালীন আমাকে কেউ কিছু বলেনি। আমরা ওখানে আগত অন্যান্যদের সাথে গিয়ে দাঁড়াই। জাফরুল্লাহ চৌধুরীকে দেখে গণজাগরণ মঞ্চের সংগঠক শাহীন উত্তেজিত হয়ে দূর থেকে ইশারা করে বলেন, আপনি ভিতরে আসবেন না।

“জাফরুল্লাহ চৌধুরী নির্লিপ্ত ছিলেন, কোনো কথাই বলেননি। আমাদের হাত থেকে কেউ মোমবাতি কেড়ে নেয়নি বা নিতে চেষ্টাও করেনি।”

অনুষ্ঠান শেষে পরিচিতদের সঙ্গে দেখা করতে এগিয়ে গেলে একজন তাদের চলে যেতে বলেন বলে জানান শিরিন।

“কয়েকজন বলাবলি শুরু করে যে জাফরুল্লাহ চৌধুরী এই সমাবেশে কেন এসেছে? এই সময় আমি প্রশ্ন করি, কেন কী সমস্যা? একই সাথে ২-৩ জন উত্তর দেয়, উনি খালেদা জিয়ার ঘনিষ্ঠ। এই সময় একজন আমাকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা এখান থেকে চলে যান’। তখন আমি উত্তর দেই আমরা আমন্ত্রিত হয়ে এসেছি, তাছাড়া শহীদ মিনার কারও বাপের সম্পত্তি নয়। এরই মধ্যে আরও কয়েকজন এতে যোগ দেয়। জাফরুল্লাহ চৌধুরী কারও সঙ্গে কোনো কথাই বলেননি।”

শিরিন বলেন, “সামাদ (কবি মুহাম্মদ সামাদ), গোলাম কুদ্দুছ (সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি) ও (কবি) তারিক সুজাত এগিয়ে এসে উত্তাপ কমাবার চেষ্টা করেন এবং আমাদের অনুরোধ করেন চলে যাওয়ার জন্য।”

সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে এমন ‘অশালীন ও অসহিষ্ণু আচরণ’ অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন শিরিন।

“তবে আশার আলো এই যে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র এই সকল কাণ্ড দেখে এতটাই মর্মাহত হয়েছে যে প্রতিবাদ করতে না পারার জন্য বার বার ক্ষমা চাইছিল এবং আমরা চলে আসার সময় জাফরুল্লাহ চৌধুরীর পায়ে হাত দিয়ে বলল- ‘আমাদের ক্ষমা করে দিয়েন’।”

প্রতিবেদনে প্রকাশিত ছবিতে কোনো ধাওয়ার দৃশ্য না দেখার কথা বলেন শিরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ওই ছবিটি তোলা হয়েছিল কর্মসূচি শুরুর সময়। এরপরই ঘটে উত্তেজনাকর ঘটনাটি।

সংবাদ প্রকাশের আগে জাফরুল্লাহ চৌধুরী কিংবা তার সঙ্গে কথা না বলার বিষয়টিও উল্লেখ করেন শিরিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঘটনাটি ঘটে যাওয়ার পর কথা বলার জন্য শিরিন হক ও জাফরুল্লাহ চৌধুরীকে সেখানে খুঁজে পাননি। ফলে তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য নেওয়া যায়নি।

পুরনো খবর:

শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীকে ধাওয়া