হলি আর্টিজানের সামনের সড়কে শ্রদ্ধার ফুল-মোমবাতি
গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘট্নায় ক্যাফেটির সড়কে ফুল দিয়ে ও মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করেছে তাদের স্বজন ও শুভার্থীরা।
রোববার দুপুরের পর গুলশানের ৭৯ নম্বর ও ৭৫ নম্বর সড়কের মিলনস্থলে দেওয়া ব্যারিকেডের সামনে এই পুষ্পার্ঘ অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়।
কূটনীতিকপাড়ার ওই রেস্তোরাঁয় অস্ত্রধারীদের হামলা ও জিম্মি সঙ্কট অবসানের পর শনিবার থেকে ঘটনাস্থলের পাশের ৭৯ নম্বর সড়কের অংশ বিশেষে চলাচল নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যারিকেড দেওয়া হয় ৭৯ ও ৭৫ নম্বর সড়কের মিলনস্থলে।
এরপর সেখান থেকে ২০ জিম্মির মৃতদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে আইএসপিআর বলছে, রাতেই তাদের গলা কেটে হত্যা করে হামলাকারীরা।অভিযানে ছয় হামলাকারীও নিহত হয় বলে জানায় তারা।
নিহত ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক, যার মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি এবং একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশির মধ্যে একজনের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে।
এছাড়া বিদেশিসহ বেশ কয়েকজনকে সেখানে ফুল দিতে দেখা যায়। ব্যারিকেডের সামনে অন্তত ১৫টি ফুলের তোড়া দেখা গেছে।
এহতেশান হুদা বলেন, “ফারাজের এভাবে চলে যাওয়া কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেসহ যারা এ ঘটনায় নিহত তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।”
