‘প্রাচ্যমুখী এশীয় জাগরণের’ প্রত্যাশায় বাংলাদেশ-নেপাল সমঝোতা
বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে ভাষা-সাহিত্য-সংস্কৃতি-দর্শন ও সামাজিক বিজ্ঞান বিষয়ক নানামাত্রিক গবেষণা, শিক্ষা ও উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টায় বাংলা একাডেমির ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভবনের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এবং নেপাল একাডেমির চ্যান্সেলর মি. গঙ্গাপ্রসাদ উপ্রেতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, “আমরা প্রাচ্যমুখী এশীয় জাগরণের প্রত্যাশী। বিশেষ করে সাংস্কৃতিক সামঞ্জস্যের কারণে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি।”
বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক প্রতিবেশী এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই একাডেমির মধ্যে এই সমঝোতা নেপাল ও বাংলাদেশের মধ্যে ‘বন্ধুত্বমূলক ঐতিহাসিক সম্পর্ককে’ আরও জোরদার করবে বলবে মনে করেন নেপাল একাডেমির চ্যান্সেলর মি. গঙ্গাপ্রসাদ উপ্রেতি।
“আমরা দুই দেশ সুদীর্ঘকাল ধরে ভৌগোলিক দূরত্ব ও রাজনৈতিক ভিন্নতা অতিক্রম করে সাংস্কৃতিক ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করে যাচ্ছি।
“নেপালের জনগণ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের পর জাতীয় পুনর্গঠন ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশকে পাশে পেয়ে চিরকৃতজ্ঞ। আমরা আশা করি সমঝোতা স্মারক শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে আমাদেরকে হৃদয়ের উষ্ণতায় আবদ্ধ করবে।”
সমঝোতা স্মারক স্বাক্ষর বাংলাদেশ ও নেপালের জনগণ বিশেষ করে সংস্কৃতি-ক্ষেত্রের মানুষদের জন্য এক ‘আনন্দের দিন’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের শার্জ দ্য অ্যাফেয়ার্স সুশীল কুমার লামসাল।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “আমরা দক্ষিণ এশীয় দেশসমূহের সঙ্গে পারস্পরিক সাংস্কৃতিক বন্ধন আরো দৃঢ় করার যে পদক্ষেপ গ্রহণ করেছি, সে ক্ষেত্রে বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।”
বাংলা একাডেমি ও নেপাল একাডেমির মধ্যে সম্পাদিত এই সাংস্কৃতিক সমঝোতা স্মারক ‘নানা দিক থেকে গুরুত্বপূর্ণ’ বলে মনে করেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান।
তিনি বলেন, “বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির সঙ্গে নেপালের নামটি বিশেষভাবে যুক্ত হয়ে আছে। ভবিষ্যতে বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বিনিময় আরও নিবিড় হবে বলে আমরা আশা করি।”
