২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় শুরু হচ্ছে প্রকাশকদের আন্তর্জাতিক সম্মেলন

‘মুক্ত বিশ্বে প্রকাশনা’ শিরোনামে স্থানীয় ও আন্তর্জাতিক প্রকাশকদের নিয়ে শুক্রবার ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 06:35 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হবে এই আন্তর্জাতিক সম্মেলন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি ও জাতীয় গ্রন্থকেন্দ্র যৌথভাবে এর আয়োজন করছে।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গণি বলেন, “এ কনফারেন্সের মাধ্যমে প্রকাশনাকে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গণে বাধাহীন করার বিভিন্ন দিক দিয়ে আলোচনা শেষে একটি কার্যকর ও সময়োপযোগী রূপরেখা দিতে চাইছি আমরা।”

দুই দিনের এ আয়োজনে ‘প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতা’, ‘দেশি প্রকাশনার আন্তর্জাতিককরণ’, ‘প্রকাশনায় নারী’ ও ‘প্রকাশনার ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা’ শীর্ষক চারটি পৃথক অধিবেশনে দেশ-বিদেশের স্বনামধন্য প্রকাশক, লেখক ও নীতিনির্ধারকরা আলোচনায় নেবেন বলে জানান তিনি।

দুই দিনের এ সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি রিচার্ড চার্কিন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আন্তর্জাতিক প্রকাশক সমিতির কর্মকর্তা বেন স্টুয়ার্ড।

সেমিনারে অংশ নেবেন আন্তর্জাতিক প্রকাশক সমিতির সভাপতি রিচার্ড চার্কিন, ভারতের মন্দিরা সেন ও ইমানুল হক, শ্রীলংকার দীনেশ কুলাতাঙ্গা, নেপালের লিখাত পান্ডে প্রমুখ।

প্রথমদিনের অনুষ্ঠানে ‘প্রকাশনার ক্ষেত্রে স্বাধীনতা’ শিরোনামে সেশনে সভাপতিত্ব করবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। প্যানেল আলোচক হিসেবে থাকবেন রিচার্ড চার্কিন, বেন স্টুয়ার্ট, হেদায়েতউল্লাহ মামুন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ উল আলম লেনিন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর কবি মুহম্মদ নুরুল হুদার সভাপতিত্বে ‘দেশি প্রকাশনার আন্তর্জাতিককরণ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়া উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ চারটি পর্বে কথা সাহিত্যিক সেলিনা হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউপিএল প্রকাশক মহিউদ্দিন আহমেদ অংশ নেবেন।

কনফারেন্সে আসবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন।

সংবাদ সম্মেলনে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক উপসচিব মো. আখতারুজ্জামান ও সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ উপস্থিত ছিলেন।