২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি খায়রুল হকের মায়ের মৃত্যু

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান এ বি এম খায়রুল হকের মা বেগম খুরশিদ জাহান হক (৯০) মারা গেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 04:50 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয় বলে আইন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ফউজুল আজিম জানিয়েছেন।

বেগম খুরশিদ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফউজুল বলেন, আগামী শুক্রবার সকাল ১১টায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) মসজিদে প্রথম এবং জুমার নামাজের পর নারিন্দা পীর সাহেব মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন গোরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

মরহুমা মৃত্যুকালে একমাত্র পুত্র বিচারপতি এবিএম খায়রুল হক এবং একমাত্র মেয়ে বিলকিস হক জোয়ার্দারসহ নাতী-নাতনী রেখে গেছেন।

খুরশিদ জাহান হক বেঙ্গল এডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সাবেক সদস্য মরহুম এম আর হকের স্ত্রী।

দুই মাস আগে বিচারপতি এ বি এম খায়রুল হক তার স্ত্রী আসমা হককে হারিয়েছেন।