জঙ্গিবাদবিরোধী প্রকল্প অনুমোদনের অপেক্ষায়: ধর্মমন্ত্রী
ধর্ম মন্ত্রণালয়ের অধীনে জঙ্গিবাদবিরোধী একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সমাজে সকল প্রকার অস্থিরতা, সন্ত্রাস ও জঙ্গী কার্যকলাপের কুফল সম্পর্কে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
“এরই অংশ হিসেবে জঙ্গিবাদবিরোধী একটি প্রকল্পের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।”
প্রশ্নোত্তরপর্বে রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী প্রত্যেক সংসদীয় এলাকায় মসজিদ ও মন্দির সংস্কারে বরাদ্দ দেওয়ার কথা জানান।
“প্রত্যেক সাংসদের এলাকায় মসজিদ সংস্কারের জন্য দুই লাখ টাকা এবং মন্দির সংস্কারের জন্য ৪০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
“একই খাতে নারী সাংসদদের এলাকায় যথাক্রমে এক লাখ ও ২০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।”
তবে গির্জা, প্যাগোড়া এবং অন্যান্য উপাসনালয়ের জন্য কোন বরাদ্দ আছে কি না তা জানাননি তিনি।
সরকারি দলের সানজিদা খানমের করা অন্য এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ইসলামিক ফাউন্ডেশনের ২০০৮ সালের করা জরিপ অনুযায়ি ঢাকায় মসজিদের সংখ্যা ৫ হাজার ৭৭৬টি।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৫৫ হাজার ১৮০টি মসজিদের ইমামদের মাধ্যমে জঙ্গিবাদবিরোধী শিক্ষা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
“এছাড়া মসজিদগুলোতেও ইমামরা খুতবার আগে জঙ্গিবাদবিরোধী আলোচনা করছেন।”
