শরণার্থী ইস্যুতে নীরবতায় ইউএনএইচসিআরের ক্ষোভ
বিশ্বব্যাপী শরণার্থী সমস্যাকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’ উল্লেখ করে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকার সমালোচনা করেছেন বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) সিনিয়র প্রটেকশন অফিসার খালেদ ফান্সা।
বিশ্ব শরণার্থী দিবসে সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট নানা বিপর্যয়ে প্রতিদিন বাড়ছে শরণার্থী। দেশ থেকে দেশান্তরে ছুটে চলা শরণার্থীদের মানবেতর দিনযাপন বা নির্মম নিয়তি কাঁদিয়েছে বিশ্ব মানবতাকে।”
“এমন মানবিক বিপর্যয়ে কী করছে আন্তর্জাতিক সম্প্রদায়? তারা চুপ কেন?”- প্রশ্ন রাখেন তিনি।
‘শরণার্থীদের পাশে আমরা’ শীর্ষক এ অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস। একাত্তরে শরণার্থী জীবনের স্মৃতিচারণ করেন সত্যজিৎ রায় মজুমদার ও প্রীতিকণা দাস নূপুর।
উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের মহাব্যবস্থাপক একেএম মাহবুবুল আলম।
ইউএনএইচসিআর কর্মকর্তা খালেদ ফান্সা জানান, পর্যাপ্ত তহবিল না থাকার পরও তারা শরণার্থী সঙ্কট মোকাবেলায় নানাভাবে চেষ্টা করছেন।
“দাতা দেশগুলো তো নির্দিষ্ট হারে আমাদের অর্থ দেয় না। তারা যতটুকু পারে, ততটুকু দেয়। তাদের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা পর্যাপ্ত অর্থ না পেলে সত্যিই কাজ করতে পারছি না। সমস্যা তো বাড়ছে প্রতিনিয়ত।”
খালেদ ফান্সা শরণার্থীবিষয়ক নানা পরিসংখ্যান তুলে ধরে জানান, লেবাননে দশ লাখ, পাকিস্তান ও তুরস্কে দেড় লাখ, জর্ডান ও ইথিওপিয়ায় সাড়ে ছয় লাখ, ইরানে নয় লাখের মতো শরণার্থী আশ্রয় নিয়েছে।
আর বাংলাদেশ থেকে সীমান্তপথে প্রায় ৮৮ হাজার অধিবাসী প্রতি বছর সমুদ্রপথে থাইল্যান্ড, মালয়েশিয়ায় পাড়ি দেয় বলে জানান তিনি।
মিয়ানমারে ‘অভ্যন্তরীণ কোন্দলের শিকার’ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, “নানা সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ সরকার উদার মনোভাব নিয়ে তাদের সহযোগিতা করছে। তাদের দেশে ফেরত পাঠানোর চেষ্টাও করছে। এটি প্রশংসনীয় উদ্যোগ।”
কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ক্যাম্পে ১৩ হাজার ও টেকনাফের নয়মপাড়া ক্যাম্পে ১৯ হাজার রোহিঙ্গা রয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন এই সংখ্যা বাড়ছে।
তবে মিয়ানমারের রাজনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
“এ মুহূর্তে রোহিঙ্গাদের দেশে ফেরানো সম্ভব নাও হতে পারে। মিয়ানমারের রাজনৈতিক অবস্থা বিবেচনা করে যদি মনে হয়, তারা নিরাপদে তাদের বাস্তুভিটায় ফিরে যাবে, তবেই তাদের পাঠানো উচিত।”
অনুষ্ঠানে অক্সফামের সাবেক কর্মকর্তা জুলিয়ান ফ্রান্সিস জানান, পৃথিবীতে প্রায় ৫৯ দশমিক ৫ মিলিয়ন মানুষকে তাদের বাস্তুভিটা ত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। এর মধ্যে ২০ মিলিয়ন শরণার্থীদের খাতায় নাম লিখিয়েছে, আর ১০ মিলিয়ন মানুষের কোনো হদিস নেই।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শরণার্থী শিবিরে কাজের অভিজ্ঞতা বর্ণনা করেন তিনি বলেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের এক কোটিরও বেশি মানুষ ভারতে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিল।
“কী ভয়াবহ বিপর্যয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছে বাংলাদেশ। মনে পড়ে, কী নিদারুণ দৃশ্য দেখেছিলাম শরণার্থী শিবিরে। কেউ রোগে ভুগে, কেউ ক্ষুধায়, কেউ যুদ্ধাহত হয়ে মৃত্যুর অপেক্ষা ছিল। কলকাতার সল্টলেকে কাজ করতে গিয়ে দেখেছিলাম, শিশুরা কিভাবে পুষ্টির অভাবে মারা যাচ্ছিল। এখনও রাতে সেই দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় আমাকে।”
জুলিয়ান বলেন, “বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশটি এত দ্রুত উন্নয়ন করবে, কেউ ভাবতে পারেনি। বাংলাদেশের এই উন্নয়নের ধারা আমাকে মুগ্ধ করে।”
বিশ্বের রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের প্রজ্ঞা ও পরিকল্পনার মাধ্যমে শরণার্থী ইস্যু নিয়ে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
