রাষ্ট্রপতির সঙ্গে প্রণবপুত্রের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে লোকসভা সদস্য অভিজিৎ মুখার্জি।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বন্ধুর ভূমিকা রাখা প্রণব মুখার্জির ছেলে রোববার বঙ্গভবনে যান।
তার সঙ্গে আলাপে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের (বিবিআইএন) মধ্যকার ‘কানেক্টিভিটি’র উদ্যোগের কারণে বাংলাদেশ-ভারতের দ্বি-পক্ষীয় সম্পর্ক বহুমুখী হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “অভিজিৎ মুখার্জিকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।”
সাক্ষাতের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রণব মূখার্জির ভূমিকার কথা স্মরণ করে আবদুল হামিদ বলেন, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের ‘প্রকৃত বন্ধু’।
রাষ্ট্রপতি আবদুল হামিদ অভিজিৎ মুখার্জির মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বলেও জানিয়েছেন প্রেস সচিব।
দুই দেশের শিল্প-সংস্কৃতি একই উল্লেখ করে ভারতের পার্লামেন্ট সদস্য অভিজিৎ বলেন, বাংলাদেশ এবং অন্যান্য প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী তার দেশ।
