২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য না দেওয়ায় এবার শিক্ষা কর্মকর্তাকে জরিমানা

তথ্য অধিকার আইনে তথ্য না দেওয়ায় এবার এক উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 05:47 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

সাভারের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে রোববার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই অভিযোগে এর আগে গত ৯ ফেব্রুয়ারি রাজধানীর ভাটারা থানার ওসি মো. নূরুল মোত্তাকিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৬ সালে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে মাধ্যমিক স্তরে মোট কত সেট বই পাওয়া গেছে, কত সেট বিতরণ করা হয়েছে এবং কোন কোন বিদ্যালয়ে সেগুলো বিতরণ করা হয়েছে- সেসব তথ্য জানতে চান অরূপ রায় নামের এক ব্যক্তি।

“নির্ধারিত সময় পার হয়ে গেলেও তথ্য দেননি ওই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। পরে আপিল করেও তথ্য না পেয়ে অরূপ রায় তথ্য কমিশনে অভিযোগ করেন।”

আগারগাঁওয়ে তথ্য কমিশনের কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে কমিশন সৈয়দ শাহরিয়ারকে দুই হাজার টাকা জরিমানা করে।

রোববার তথ্য কমিশন ১১টি অভিযোগের শুনানি করে ছয়টির নিষ্পত্তি করেছে এবং বাকি পাঁচটির শুনানির তারিখ দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পুরনো খবর:

তথ্য না দেওয়ায় ভাটারা থানার ওসিকে জরিমানা