২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ এমপি জো কক্সের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ব্রিটিশ এমপি জো কক্সের হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির হাউস অফ কমন্সের স্পিকার ও লেবার পার্টির নেতার কাছে পাঠানো আলাদা বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 07:57 PM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে গুলি করে ও ছুরি মেরে হত্যা করা হয় ৪১ বছর বয়সী জো কক্সকে, যিনি এমপি হওয়ার আগে দীর্ঘ সময় বিভিন্ন দাতব্য সংস্থার হয়ে কাজ করেছেন।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষেও সোচ্চার ছিলেন তিনি।

হাউস অফ কমন্সের স্পিকার জন বেরকাউয়ের কাছে পাঠানো শোক বার্তায় শেখ হাসিনা বলেন, “ব্যাটলে ও স্পেন আসন থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি জো কক্স হত্যাকাণ্ডের সংবাদ শুনে আমি গভীরভাবে মর্মাহত হয়েছি।”

বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে জো কক্সের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

লেবার পার্টির নেতা জেরেমি করভিনের কাছে পাঠানো আরেক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জো কক্সের মৃত্যুতে বৃটেনের লেবার পার্টি সেদেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে দৃঢ় অবস্থানগ্রহণকারী একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে হারিয়েছে।

শেখ হাসিনা বলেন, জো কক্স বিশ্ব শান্তি ও সহনশীলতার প্রতি তার নিঃস্বার্থ প্রতিশ্রুতির জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

পুরনো খবর:

পরিচয়ে ‘ব্রিটেনের জন্য স্বাধীনতা’ বললেন এমপি কক্সের ‘ঘাতক’