২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াকে পাঠানোর আদেশ বহাল

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মাহমুদুর রহমান মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা সেবা দিতে যে আদেশ হাই কোর্ট দিয়েছিল, তা বহাল রেখেছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 12:19 PM

Updated : 12 Apr 2022, 02:17 AM

ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ।

এক সম্পূরক আবেদন শুনে ৩১ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা সেবা দিতে কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিলে তা স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান।

ইদ্রিসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদেশ পাওয়ার পর ৮ জুন মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াকে ভর্তি করা হয়। রাষ্ট্রপক্ষ ওই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে।

“যতটুকু জানতে পেরেছি তিন দিন আগে তাকে কারাগারে নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হওয়ায় এখন মান্নাকে ইব্রাহিম কার্ডিয়াকে হাসপাতালেই রাখতে হবে।” 

এদিকে মান্নার সুচিকিৎসা নিশ্চিত এবং জামিনে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে তার সংগঠন নাগরিক ঐক্য।

নিউ ইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিফোন আলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ।

রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে গত বছরের ৫ মার্চ ও ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে মামলা দুটি হয়।

এই দুই মামলায় ২ ও ৭ মার্চ নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হয়। মান্না এরপর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে হাই কোর্টে জামিনের এই আবেদন করেন, যার ওপর ২১ মার্চ শুনানি হয়। সেদিন শুনানি নিয়ে আদালত জামিন প্রশ্নে রুল দেয়।

গুলশান থানার দুই মামলায় মাহমুদুর রহমান মান্না কেন জামিন পাবেন না তা জানতে চেয়ে তিন সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়।

এই রুলের শুনানির সময় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মান্নাকে চিকিৎসা সেবা দিতে নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন উপস্থাপন করার প্রেক্ষিতে ৩১ মে হাই কোর্ট ওই আদেশ দেয়।