২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাহারি ইফতারের আড়ালে এ কী!

রোজা এলেই ঢাকার নামি-দামি হোটেল রেস্তোরাঁর পাশাপাশি অলিগলিতে টেবিলে থাকে বাহারি ইফতারের পসরা। দেখতে লোভনীয় হলেও এসব ইফতার সামগ্রীর অনেক জায়গায় তৈরি ও বিক্রি হয় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে।

ওবায়দুর মাসুম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 09:31 AM

Updated : 11 Oct 2022, 08:23 PM

সারা দিন না খেয়ে থেকে এসব খাবার তাই এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন একজন পুষ্টিবিদ।

আর পচা-বাসী ও খাবারে ভেজাল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নেতৃত্ব দেওয়া এক কর্মকর্তা বলছেন,ধারাবাহিক ও সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই অবস্থা থেকে পরিত্রাণ মিলবে না।

ঢাকায় কী পরিবেশে কতোটা স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার তৈরি হয় সে অনুসন্ধানে ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতার পাড়ার পাশাপাশি নতুন ঢাকায়ও ঘুরেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

অধিকাংশ স্থানেই ধুলাবালি উড়াউড়ির মধ্যে খোলা পাত্রে ইফতার ও তার তৈরির সামগ্রী রাখতে দেখা গেছে। আবার কোথাও কোথাও ময়লার ভাগাড়ের পাশে খোলা জায়গায় বানানো ও বিক্রি হচ্ছে ইফতার।

Image
ময়লার ভাগাড়ের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির এই ছবি ঢাকার আনন্দবাজার এলাকা থেকে তোলা।

ময়লার ভাগাড়ের সামনে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির এই ছবি ঢাকার আনন্দবাজার এলাকা থেকে তোলা।

Image
রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

পুরান ঢাকার চকবাজারে গিয়ে রয়্যাল ফাস্ট ফুড অ্যান্ড পেস্ট্রি শপের সামনে টেবিলে নানা ইফতার সামগ্রী সাজিয়ে রাখতে দেখা যায়। সেগুলোতে কোনো ঢাকনা নেই। মাছি উড়ে এক খাবার থেকে আরেক খাবারে বসছে। এই টেবিলের কয়েক গজ দূরেই একটি ময়লার ভাগাড়।

ইফতার ঢেকে না রাখার কারণ জানতে চাইলে বিক্রেতা আব্দুল ওয়াদুদের উত্তর: “আমাদের এখানে এর চেয়ে ভালো ব্যবস্থা নাই।”

কয়েক পা এগিয়ে গেলে চকবাজার শাহী মসজিদের সামনের রাস্তায় নানা লোভনীয় খাবার নিয়ে বসা কয়েকটি অস্থায়ী দোকান চোখে পড়ে। মাছি উড়ছে এক খাবার থেকে আরেক খাবারে। পুরো সড়ক জুড়েই ধুলোর রাজত্ব।

Image
ইফতার তৈরির সামগ্রীতে মাছির ওড়াওড়ি। ছবিটি বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা।

ইফতার তৈরির সামগ্রীতে মাছির ওড়াওড়ি। ছবিটি বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা।

Image
রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

বিকালে পথচারী, যানবাহনের চাপে ধুলো উড়ছেও বেশি,যা গিয়ে পড়ছে খাবারে। একটি দোকানে গিয়ে দেখা যায় ‌‘বড় বাপের পোলায় খায়’ এর জন্য সিদ্ধ ছোলা রাখা হয়েছে টেবিলের নিচে। তাতে পড়ছে ধুলোবালি, বসছে মাছি।

মাছি উড়লেও খাবারে ঢাকনা নেই কেন জানতে চাইলে এখানকার বিক্রেতা মোহাম্মদ ইমরান বলেন, “মাছিরে কি আর আটকাইয়া রাখা যায়? এরা তো এসি রুমেও ঢুইকা যায়। আর এইটা তো খালি জায়গা।”

ধানমণ্ডি থেকে ইফতার কিনতে চকবাজারে এসেছিলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুজ্জামান। লোভনীয় হলেও নোংরা পরিবেশে খানিকটা হতাশ তিনি।

“চকবাজারের ইফতারের কথা অনেক শুনেছি। আজ কিনতে আসলাম। তবে এখানকার পরিবেশ বেশ নোংরা।”

Image
রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

রাস্তার পাশে ফুটপাতে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি মতিঝিলের।

Image
খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

ঢাকাবাসীর কাছে পুরান ঢাকার ইফতারের জনপ্রিয়তা থাকলেও স্থানীয়রা এর প্রতি ততোটা আগ্রহী নয় বলে দাবি করলেন কলতাবাজারের বাসিন্দা ও ভ্রমণ বিষয়ক লেখক ফারুক আহমেদ।

তিনি বলেন, “মৌসুমী বিক্রেতারা বছরের একটা সময় ইফতার বানায়। এদের হাতে কোনো গ্লাভস থাকে না, খাবারগুলো ঢেকে রাখা হয় না। একটা লোক গা চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে আবার এই হাতে ‘বড় বাপের পোলায় খায়’ মাখাচ্ছে। এটা দেখতেই কেমন লাগে!

“পুরান ঢাকার মানুষ শুধু হালিম ছাড়া আর কিছু বাইরে থেকে কেনে না। নতুন ঢাকার মানুষরাই চকবাজারসহ বাইরের ইফতার বেশি কিনছে।”

চকবাজারের পাশাপাশি চাঁনখারপুল, ঢাকা মেডিকেল ও বিশ্ববিদ্যালয় এলাকা, কারওয়ানবাজার, মহাখালীসহ বেশিরভাগ জায়গায়ই ইফতার তৈরি ও বিক্রির এই চিত্র চোখে পড়ে।

চাঁনখারপুলের মিতালি হোটেল, রাজধানী হোটেল, মমিন সুইটস, কিং ফুড ফ্রাই চিকেনসহ কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, সবগুলো দোকানের সামনের রাস্তার পাশে ইফতার সাজিয়ে রাখা হয়েছে। এসব খাবারের কোনোটাই ঢাকা হয়নি। সরু রাস্তায় ধুলো উড়াউড়ির মধ্যে খাবার ঘিরে মাছির আনাগোনা।

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে ইফতার।

এই পরিবেশে খাবার কেন ঢাকা হচ্ছে না সে প্রশ্নের জবাবে রাজধানী হোটেলের ব্যবস্থাপক হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,“আমরা খাবার ঢেকে রাখার চেষ্টা করি। তখন আবার কাস্টমাররা দেখে না। ফলে বেচাকেনা কম হয়।”

কারওয়ানবাজারের গার্ডেন রোডেও খোলা পরিবেশে ইফতার বিক্রি করতে দেখা যায়। প্রিন্স রেস্তোরাঁর সামনে টেবিলে নানা ইফতার সাজিয়ে রাখা হয়েছে। সেখানে জিলাপিতে বসা মাছি দেখিয়ে ঢেকে না রাখার কারণ জানতে চাইলে বিক্রেতা ইব্রাহিম খলিল বলেন, “যেইখানে মিষ্টি সেইখানে মাছি তো বসবোই।”

Image
খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

Image
খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

এই বাজারের কিচেন মার্কেটের সামনে সামনে ডাস্টবিনের কাছেই রয়েছে কয়েকটি ইফতারের দোকান। পুরো এলাকায় প্যাঁচপ্যাঁচ কাদা, মাছি ভনভন করছে সবখানেই। একটি টেবিলে সাজিয়ে রাখা রাখা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ও জিলাপিতে ঘুরেফিরে বসছে মাছি।

খাবারে মাছি বসা এর ভালো মানের প্রমাণ দেয় বলে বোঝাতে চাইলেন এখানকার বিক্রেতা সেলিম

মিয়া।

“এইগুলানে ফরমালিন নাই। হেরলাইগ্যাই মাছি বহে,” বলেন তিনি।

রোজায় ইফতারে ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমও একই ধরনের অভিজ্ঞতার কথা শোনালেন।

Image
খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

Image
খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

খোলা অবস্থায় রাখা হয়েছে ইফতার তৈরির সামগ্রী। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার।

তিনি বলেন, “এসব খাবার তৈরি এবং পরিবেশন হয় অস্বাস্থ্যকর পরিবেশে। আগের দিনের খাবার পরের দিনও বিক্রি করা হয়, তাতে খাবারে যে রং ব্যবহার করা হয় তা খাবার উপযোগী কি না তাও জানে না অনেক ব্যবসায়ী।”

ইফতার হিসেবে বিক্রি করা রাস্তার পাশের এসব খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বলে জানান আইসিডিডিআরবি’র পুষ্টি ও ক্লিনিক্যাল সার্ভিস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. ফাহমিদ আহমেদ।

“এসব খাবার দেখতে খুব ভালো। কিন্তু তা খাওয়া ঠিক না। ”

এসব খেলে ডায়রিয়া, জন্ডিস, পেটের পীড়া হওয়ার ঝুঁকির কথা জানিয়ে তা এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

সারাদিন রোজার পর খুব অল্প পরিমাণ খাবার দিয়ে ইফতার সেরে নরম খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন এই পুষ্টিবিদ।

Image
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির ছবিটি বৃহস্পতিবার মতিঝিল থেকে তোলা।

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার তৈরির ছবিটি বৃহস্পতিবার মতিঝিল থেকে তোলা।

Image
ময়লার ভাগাড় পিছনে রেখে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা।

ময়লার ভাগাড় পিছনে রেখে খোলা জায়গায় ইফতার তৈরির ছবিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তোলা।

এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন,“সারাদিন রোজা রাখার ফলে পরিপাকতন্ত্র থেমে থাকে। তাই সহজে হজম হয় এমন খাবার না দিয়ে গুরুপাক খাবার খেলে শরীরের ওপর চাপ পড়ে, পরিপাকতন্ত্র তা নিতে পারে না।”

পচা,বাসী ও অস্বাস্থ্যকর খাবার বন্ধে সরকারি- বেসরকারি সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বললেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার।

“খাদ্য নিরাপত্তায় নিয়োজিত সবগুলো প্রতিষ্ঠানকে একসঙ্গে অ্যাকশনে যেতে হবে। নিয়মিত এনফোর্সমেন্ট না করলে তারা একই অপরাধ আবার করবে।”