২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁড়াশি অভিযান: ঈদের আগে ‘নিরীহদের’ মুক্তি দাবি

জঙ্গি দমনে চলমান ‘সাঁড়াশি’ অভিযানে অনেক ‘নিরীহ’ মানুষকে ধরা হচ্ছে অভিযোগ করে ঈদের আগে তাদের মুক্তি দেওয়ার দাবি করা হয়েছে একটি সমাবেশ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 12:12 AM

Updated : 20 Aug 2022, 01:00 PM

বুধবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘লেখক, শিল্পী, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ’ ব্যানারে এই সমাবেশ হয়।

সমাবেশে প্রকাশক রবীন আহসান বলেন, “লেখক, পুলিশ ও সাধারণ মানুষ হত্যাকারী কাউকে গ্রেপ্তার করছে না সরকার। জঙ্গি বলে সাধারণ মানুষকে আটক করছে।

Image
সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার কয়েকজন

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার কয়েকজন

“প্রথম চার দিনে যে ১১ হাজার জনকে ধরা হয়েছে তাদের মধ্যে ১১জনও জঙ্গি আছে কি না সন্দেহ। আমরা অবিলম্বে এই ধরনের গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করে ঈদের আগে এসব নিরীহ মানুষকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি।”

এভাবে ‘ঢালাওভাবে’ গ্রেপ্তার অভিযান চলতে থাকলে জঙ্গিরা উৎসাহিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে টেলিফোনে দেওয়া বক্তব্যে গত বছর খুন হওয়া লেখক অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, “অনেক রক্তের বিনিময়ে এই রাষ্ট্র আমরা পেয়েছি। এতো ত্যাগের রাষ্ট্র আমরা ব্যর্থ হতে দিতে পারি না।”

বক্তব্যে জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

দুটি কারণে হত্যাকাণ্ডগুলো ঘটছে মন্তব্য করে তিনি বলেন, “একটি কারণ- ব্যক্তিগত ক্ষোভ, লোভ, লালসা ও সম্পত্তি দখল থেকে আসে। প্রশাসন কঠোর হলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব।

“কিন্তু দ্বিতীয় কারণ রাজনৈতিক। রাজনৈতিক হত্যাকাণ্ড হলে সেটা কেবল পুলিশ প্রশাসন দিযে মোকাবেলা করা সম্ভব নয়। রাজনৈতিক হত্যাকাণ্ড মোকাবেলা হবে রাজনৈতিকভাবে। আমাদেরকে হতে হবে ঐক্যবদ্ধ।”

সাম্প্রতিক গুপ্তহত্যাকে রাজনৈতিক হত্যাকাণ্ড আখ্যায়িত করে তিনি বলেন, “এভাবে একের এক হত্যাকাণ্ড চলতে থাকলে মুক্তিযুদ্ধের চেতনা থেকে আমরা যোজন যোজন দূরে চলে যাব। যে চেতনায় ছিল ধর্ম ও গোত্রের নামে কোনো বিভেদ থাকবে না, সকলে বাস করবে শোষণমুক্ত সমাজে।”

প্রকৌশলী নিমাই গাঙ্গুলী বলেন, “সরকার নিরাপত্তা দিতে না পারলে জনগণ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে। এদেশের জনগণ হঠাৎ করে ফুঁসে উঠে। আর সেটা হলে সরকারের জন্য ঠেকানো মুশকিল হয়ে পড়বে।”

সাংবাদিক দীপঙ্কর গৌতম বলেন, “৫৮টি গুপ্তহত্যা হয়েছে। কোনো খুনের কূল-কিনারা হচ্ছে না। মানুষ ঘর থেকে, অফিস থেকে বের হতে ভয় করছে। চলতে ফিরতে আতঙ্ক বোধ করছে। এ কি আমাদের দেশ!”

অধ্যাপক হুমায়ুন আজাদ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের শিকার মুক্তমনা লেখকদের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায় সমাবেশে।

গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্তের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা আবদুল্লাহ আল কাফি রতন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ বক্তব্য দেন।