বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় গ্রিডে ৮ হাজার ৭৭৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।
বুধবার সন্ধ্যায় দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানিয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল বিদ্যুৎ উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে রেকর্ড গড়ে বাংলাদেশ।
পিডিবির হিসাবে, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুৎ উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে।
২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ৪ হাজার ৩৬ মেগাওয়াট।
গত ২ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, গত মে মাস পর্যন্ত দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উন্নীত হয়েছে ১৪ হাজার ৫৩৯ মেগাওয়াটে।
ভিশন ২০২১ অর্জনের লক্ষ্যে পৌঁছাতে আরও ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
ভেড়ামারা বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র (ফাইল ছবি)
বর্তমানে ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, উপ-আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমের আওতায় ২০৩০ সালের মধ্যে পার্শ্ববর্তী দেশগুলো হতে সাড়ে ছয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে সরকার।
