সবুজবাগে ১০ বছর বয়সী গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর সবুজবাগ থেকে এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নিলুফার আক্তারের (১০) বাড়ি রংপুরের বদরগঞ্জে।
বুধবার ভোরে উত্তর বাসাবোর এক বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির।
তিনি বলেন, নিলুফারের মরদেহ রান্না ঘরের রডের সঙ্গে ওড়নায় পেঁচানো অবস্থায় ঝুলে ছিল।
পুলিশ কর্মকর্তা কুদ্দুস ফকির বলেন, গৃহকর্তা নুরুল আমিন সেনা কল্যাণে চাকরি করতেন। প্রায় এক বছর আগে নিলুফার তার বাসায় কাজ নেয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, নিলুফার আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণ করছে পুলিশ। গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
