সাঁড়াশি অভিযান: পঞ্চম দিনে গ্রেপ্তার ২১ ‘জঙ্গি’
দেশজুড়ে চলা সাঁড়াশি অভিযানের পঞ্চম দিনে মোট গ্রেপ্তারের তথ্য না দিলেও ‘জঙ্গি’ কার্যক্রমে সংশ্লিষ্ট আরও ২১ ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের হিসাবে এ নিয়ে পাঁচ দিনে মোট ১৬৬ ‘জঙ্গি’কে গ্রেপ্তার করা হল।
পুলিশ সদরদপ্তরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল হাসান বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় ২১ ‘জঙ্গিকে’ গ্রেপ্তারের তথ্য জানান।
মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আইন-শৃঙ্খলা বাহিনী এদের গ্রেপ্তার করে।
“জঙ্গিদের মধ্যে ১৭ জন জেএমবি, দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, একজন হিযবুত তাহরীর ও একজন হুজি সদস্য,” বলেন কামরুল।
তাদের থেকে একটি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, ৪টি ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫টি পেট্রোল বোমা ও ১০টি জিহাদি বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।
দেশজুড়ে চলা এ অভিযানের পঞ্চম দিনে অন্য কাউকে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য পুলিশের তথ্য কর্মকর্তার কাছে পাওয়া যায়নি।
চট্টগ্রামে জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী খুন হওয়ার পর গত বৃহস্পতিবার সপ্তাহব্যাপী ‘সাঁড়াশি অভিযানের’ সিদ্ধান্ত আসে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের প্রথম ২৪ ঘণ্টায় ৩৭ ‘জঙ্গি’সহ ৩ হাজার ১৯২ জন, দ্বিতীয় দিন ৪৮ ‘জঙ্গি’সহ ২ হাজার ১২৮ জন, তৃতীয় দিন ৩৪ ‘জঙ্গি’সহ ৩ হাজার ২৪৫ জন এবং চতুর্থ দিনে ২৬ জন জঙ্গিসহ ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বিএনপি শুরু থেকেই এই ‘সাঁড়াশি’ অভিযানকে ‘সরকারবিরোধীদের ওপর দমন-পীড়ান চালানোর কৌশল’ হিসেবে অভিযোগ করে আসছে।
অভিযানের প্রথম তিন দিনে গ্রেপ্তার হওয়া আট হাজার মানুষের মধ্যে তাদের অন্তত ২১ শ’ নেতাকর্মী ছিল বলে দলটির অভিযোগ।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, পুলিশের এই অভিযানে কোনো ‘রাজনৈতিক উদ্দেশ্য’ নেই।
