জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সাড়ে ৮টায়
প্রতি বছরের মত এবারও রোজার ঈদের প্রধান জামাত হাই কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় হবে।
তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে বলে ধর্ম সচিব মো. আব্দুল জলিল জানিয়েছেন।
রোজার ঈদ উদযাপন উপলক্ষে সচিবালয়ে মঙ্গলবার এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এবার বায়তুল মোকাররম মসজিদে পাঁচটি ঈদ জামাত হবে। নারীদের জন্যও ঈদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই রোজার ঈদ হতে পারে।
সভায় জানানো হয়, বিদেশি রাষ্টদূত ও কূটনৈতিকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে।
অন্যবারের মত এবারও ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, নিরাপদ নিবাস, ভবঘুরে কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ ও উন্নতমানের খাবার সরবরাহ করা হবে।
এছাড়া ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন শিশুপার্ক ও জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গণপূর্ত অধিদপ্তর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
