সচিব হলেন ৬ কর্মকর্তা
জনপ্রশাসনের ছয় কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার।
এদের মধ্যে কাজী আখতার উদ্দিন আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে, অশোক মাধব রায় নৌ মন্ত্রণালয়ে, নাজিমউদ্দিন চৌধুরী জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে, এন এম জিয়াউল আলম মন্ত্রিপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) ও মো. নূরন্নবী তালুকদার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
এছাড়া মুহাম্মদ আবদুল্লাহ আছেন বিসিএস প্রশাসন একাডেমির ভারপ্রাপ্ত রেক্টরের দায়িত্বে।
এই ছয় অতিরিক্ত সচিবকে সচিব হিসেবে পদোন্নতি দিয়ে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরে আলাদা আদেশে আগের দপ্তরেই তাদের পদায়ন করা হয়েছে।
১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা কাজী আখতার উদ্দিন গত বছরের ০২ ডিসেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান।১৯৫৮ সালের ১ মার্চ পটুয়াখালীতে জন্ম নেওয়া এই কর্মকর্তা এর আগে বাংলাদেশ বেতারের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
১৯৮৪ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা অশোক মাধব গত বছরের ৩ ডিসেম্বর নৌ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিবের দায়িত্ব পালন করেন।
১৯৮৪ ব্যাচের বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের কর্মকর্তা নাজিমউদ্দিন চৌধুরী গত বছরের ১৩ ডিসেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পান।১৯৫৮ সালের ১০ নভেম্বর ভোলায় জন্ম নেওয়া নাজিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবেও যোগ দিয়েছিলেন।
২০১৫ সালের ২০ ডিসেম্বর ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর নিয়োগ পান আব্দুল্লাহ্ সরকার। ১৯৮৪ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, খাগড়াছড়ির জেলা প্রশাসক ছাড়াও ভোলা সদর এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন। আব্দুল্লাহ ১৯৬০ সালের ২৮ ফেব্রুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন।
মো. নূরন্নবী তালুকদার পিএসসির ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেওয়ার আগে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন।
জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিব, সচিব ও সচিব পদমর্যাদার ৭৫ জন কর্মকর্তা আছেন।
