২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ জঙ্গি ছিনতাই: এক আসামির জামিন স্থগিতই থাকছে

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে পুলিশের এক সদস্যকে মেরে তিন জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার মামলায় জেএমবি সদস্য গোলাম সারোয়ার ওরফে রাহাতের জামিন স্থগিতই থাকছে।  

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 11:14 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ওই আসামির জামিন স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ চলমান থাকবে জানিয়ে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে দেয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই আসামির জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ চলমান থাকবে বলে রাষ্ট্রপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয়। ফলে ওই আসামি কারামুক্তি পাচ্ছে না।”

ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি গাজীপুর কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা হাফেজ মাহমুদ ওরফে রাকিব হাসান, সালাউদ্দিন সালেহীন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বোমারু মিজানকে প্রিজন ভ্যানে করে ময়মনসিংহে নেওয়ার পথে ত্রিশালে হামলা হয়। ভ্যানের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়ে তিন জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। গুলিতে একজন পুলিশ সদস্য নিহত হন।

এরপর কয়েকদিন অভিযান চালিয়ে ওই বছরের মার্চে গোলাম সারোয়ার ওরফে রাহাতসহ পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিম্ন আদালতের জামিন নাকচের পর রাহাতের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।

এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন নিয়ে যায়। ৭ মার্চ চেম্বার বিচারপতি জামিন স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। এর ধারাবাহিকতায় সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে।