২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ রোধে পদক্ষেপ নিতে আইনজীবীদের আহ্বান

উগ্রপন্থিদের হাতে সারা দেশে একের পর এক হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ রোধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 10:34 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

সোমবার দুপুরে সুপ্রিম কোর্টি আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানান সমিতির নেতারা।

গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি শেখ আখতারুল ইসলাম বলেন, “সরকারের কাছে দাবি জানাচ্ছি, অবলিম্বে এগুলো বন্ধে ব্যবস্থা নেওয়া হোক।”

বাংলাদেশে গত দুই বছরে একের পর এক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাম্প্রদায়িকতাবিরোধী লেখক, ব্লগার, প্রকাশকরা। ধর্মীয় সংখ্যালঘু ও ভিন্ন মতাবলম্বীরাও হয়েছেন জঙ্গি কায়দায় হামলার শিকার।

এসব ঘটনার অধিকাংশই ঘটেছে দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে। কখনো মধ্যপ্রাচ্যের জঙ্গিদল আইএস, আবার কখনও আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস) এর দায় স্বীকারের খবর এসেছে বেশিরভাগ হত্যাকাণ্ডের পর।

তবে সরকারের পক্ষ থেকে ওই দাবি নাকচ করে বরাবরই বলা হয়েছে, বাংলাদেশে বাইরের কোনো জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই; ‘দেশে জন্ম নেওয়া জঙ্গিরা’ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গণতান্ত্রিক আইনজীবী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান তারিক চৌধুরী বলেন, “লাখো শহীদের রক্তের অর্জিত আমাদের প্রিয় মাতৃভুমি আজ গভীর সংকটে নিমজ্জিত। গোটা দেশ যেন আজ খুনিদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

“জঙ্গি সন্ত্রাস, গুপ্ত হত্যা, টার্গেট কিলিং, গুম, খুন, সংখ্যালঘু নিযাতন, অপহরণ আজ প্রতিদিনের স্থায়ী খবরে পরিণত হয়েছে। দেশের প্রতিটি মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।’

সম্প্রতি ঝিনাইদহের মন্দির পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলি ও চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী খুনের প্রসঙ্গ টেনে হাসান তারিক বলেন, ‍“….সন্ত্রাসীরা রাষ্ট্রকে এই বার্তাই দিয়েছে যে, তাদের কাছে যে কেউই অসহায়।এবং যে কেউই তাদের টার্গেটে পরিণত হতে পারে, আর সেটা হলে কারোই রক্ষা নেই। এরপরও কী রাষ্ট্র নীরব বসে থাকবে?”

এ অবস্থা থেকে উত্তরণে আইনের শাসন ও বিচার বিভাগকে রক্ষার জন্য আইনজীবী সমাজকে উদ্যোগী হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয় লিখিত বক্তব্যে।

এতে আরও বলা হয়, “অন্যথায় আইনজীবী, কৃষক, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী কিংবা অন্য পেশার মানুষ কেউই রক্ষা পাবে না।”

সম্মেলনে জানানো হয়, দেশ রক্ষায় আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রাখার অংশ হিসেবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এক আইনজীবী সম্মেলনে গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১০ জন প্রতিনিধি অংশ নেবে।

১৭ থেকে ১৯ জুন নেপালের কাঠমান্ডুতে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৩০টি দেশের আইনজীবী ও বিচারকেরা অংশ নেবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের প্রচার সম্পাদক তারজেল হোসেন ও সুপ্রিম কোর্ট শাখার সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।