২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধস: ফের পিছিয়েছে হত্যা মামলায় অভিযোগ গঠন

কারাগার থেকে একজন আসামিকে আদালতে হাজির না করায় সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি তৃতীয় বারের মতো পিছিয়ে গেছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 08:50 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামান সোমবার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ জুলাই নতুন দিন ঠিক করেন।

এর আগে মামলার কাগজপত্রের সত্যায়িত কপি পাওয়া যায়নি বলে আসামিপক্ষের আবেদনে গত ১৫ মে এবং ২৮ এপ্রিল দুই দফা অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায় বলে জানান এ মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল।

‘অসুস্থতার কারণে’ সরোয়ার কামাল নামে মামলার আসামি এক প্রকৌশলীকে কারাগার থেকে আদালতে আনতে না পারায় শুনানি হয়নি বলে জানান হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অন্যতম আইনজীবী ফারুক আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আইনজীবী ফারুক আরও বলেন, “অভিযোগ গঠনের করতে হলে অভিযোগটি বিচারবকর পক্ষ থেকে সব আসামিকে সরাসরি অভিযোগ পড়ে শুনানোর নিয়ম রয়েছে।”

এ মামলায় কারাগারে থাকা রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা ২৩ আসামিও আদালতে হাজির ছিলেন। মামলায় পলাতক রয়েছেন ১২ আসামি।

রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলা ও ইমারত নির্মাণ আইনে করা মামলায় গত বছরের ১ জুন ভবন মালিক সোহেল রানাসহ ৪২ জনকে আসামি করে আলাদা অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

হত্যা মামলায় ৪১ জনকে ও ইমারত নির্মাণ আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। এ হিসাবে দুই মামলার আসামি ৫৯ জন। কিন্তু তাদের মধ্যে ১৭ জনের নাম দুটি মামলার অভিযোগপত্রেই থাকায় ব্যক্তি হিসেবে আসামি ৪২ জন।

২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়ে সাভারের রানা প্লাজা। দেশের ইতিহাসে ভয়াবহ এই শিল্প দুর্ঘটনায় ১১’শর মানুষ নিহত হন। আহত ও পঙ্গু হয়ে যান প্রায় দুই হাজার।

পুরনো খবর:

রানা প্লাজা ধস: রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ