মৌচাকের সড়ক চলাচল উপযোগী করতে মেয়রের নির্দেশ
রাস্তার খানাখন্দসহ বিভিন্ন ক্ষেত্রে নগরবাসীর ভোগান্তি কমানোর চেষ্টা করা হলেও নানা কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
সোমবার বিকালে রাজধানীর মৌচাকে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন, “আমরা ভোগান্তি থেকে উত্তরণের চেষ্টা করছি। কিন্তু সত্যি হলো সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠতে পারছি না।”
পরিদর্শনের সময় মগবাজার-মৌচাক ফ্লাইওভার নির্মাণ এলাকার সড়কের খানাখন্দ ঈদের আগেই মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করতে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্দেশ দেন সাঈদ খোকন।
“এখানে অনেক ধরনের কাজ করতে হয়। ফলে রাস্তা খোঁড়াখুড়ি প্রয়োজন পড়ে। এছাড়া বৃষ্টি হওয়ায় এখানে রাস্তা ঠিক রাখা খুব কঠিন। তবে আমরা সড়কটি মোটামুটি চলাচলের উপযোগী করে দেব।”
পরিস্থিতির উন্নতি হচ্ছে কি না তা জানতে আগামী সপ্তাহে ফের পরিদর্শনে আসবেন বলে সাংবাদিকদের জানান ঢাকা দক্ষিণের এই মেয়র।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে কয়েকটি খাবার দোকান ঘুরে দেখেন সাঈদ খোকন। এসব দোকানে কোনো ভেজাল পাওয়া যায়নি বলেও সাংবাদিকদের জানান তিনি।
সোমবার মগবাজার-মৌচাক ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শনের আগে খাদ্যে ভেজাল রোধে বিভিন্ন খাবার দোকানও ঘুরে দেখেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
ইফতার ও খাদ্যে ভেজালকারীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না মন্তব্য করে মেয়র সাঈদ খোকন বলেন, “আমাদের অভিযান নিয়মিত চলায় ভেজালকারীরা সতর্ক হচ্ছে। এছাড়া মানুষও আগের চেয়ে সচেতন। ফলে খাদ্যে ভেজাল আগের চেয়ে কমেছে।”
খাদ্যে ভেজাল রোধ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাতটি দল বাজারগুলো নিয়মিত তদারক করছে বলে জানান তিনি।
গুলিস্তানের সড়ক ও ফুটপাতে আবার হকার বসেছে, সাংবাদিকদের এমন তথ্যের জবাবে সাঈদ খোকন জানান, “মানুষের হাঁটার জায়গা ছেড়ে ফুটপাতে বসতে হকারদের বলা হয়েছে। এখানে অনেক মানুষের রুটিরুজির ব্যাপার আছে।”
ঈদের পরে হকারদের পুনর্বাসন করে ফুটপাত পুরো দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।
“রমজানেই তারা মোটামটি ব্যবসা করে। তাই ঈদের আগে তাদের বিড়ম্বনায় ফেলতে চাই না। এজন্য তাদের সঙ্গে সমঝোতা করে কাজ করছি।”
