২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেটে করে মূল্যস্তর প্রথা বাতিলের দাবি

সিগারেটে করের ক্ষেত্রে মূল্যস্তর প্রথা বাতিলের দাবি জানিয়েছে তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা ও এন্টি টোব্যাকো মিডিয়া এ্যলায়েন্স (আত্মা)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 12:06 AM

Updated : 11 Oct 2022, 08:22 PM

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে মূল বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, “সিগারেটের এই মূল্যস্তর প্রথা কর ফাঁকির অন্যতম প্রধান হাতিয়ার। ফলে প্রধানমন্ত্রীর ঘোষণী অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা ব্যাহত হবে।”

বাংলাদেশে ব্যবসা করা অন্যতম বৃহৎ একটি বহুজাতিক তামাক কোম্পানি (বিএটিবি) মধ্যম স্তরের সিগারেট নিম্নস্তর হিসেবে দেখিয়ে প্রায় ৭০০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সব ধরনের সিগারেটের ওপর একই হারে অর্থাৎ খুচরা মূল্যের ৭০ শতাংশ সমপরিমাণ শুল্ক আরোপ করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক আব্দুল মালেক বলেন, “ধূমপান মানে বিষ পান। যারা এই তামাক ব্যবসার সাথে জড়িত তারা অত্যন্ত প্রভাবশালী এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে।

“কর যাতে কোনোভাবে ফাঁকি দিতে না পারে সেজন্য করের স্তরটা তুলতে হবে। তাই আমাদের দাবি অনুযায়ী জনস্বার্থের কথা বিবেচনা করে করের স্তরটা তুলে দিতে হবে।”

প্রজ্ঞা ও আত্মার উদ্যোগে তামাকবিরোধী সংগঠন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এইড ফাউন্ডেশন, অধীর ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, বিসিসিপি, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ এন্টি টোব্যাকো এলায়েন্স-বাটা, নাটাব, টিসিআসি ও প্রত্যাশা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন, দি ইউনিয়নের টেকনিক্যাল কনসালটেন্ট এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম, ভাইটাল স্ট্র্যাটেজিস বাংলাদেশের কান্ট্রি এডভাইজার মো. শফিকুল ইসলাম, সিটিএফকের গ্রান্টস ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া এবং উবিনীগ’র নির্বাহী পরিচালক ফরিদা আক্তার বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আত্মার সহ আহ্বায়ক নাদিরা কিরণ।