২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ‘ভারতীয় জাল রুপি’সহ পাকিস্তানফেরত গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানফেরত এক যাত্রীর কাছ থেকে জব্দ করা হয়েছে সোয়া কোটির বেশি ভারতীয় রুপি, যেগুলো জাল নোট বলে ধারণা করছেন শুল্ক গোয়েন্দারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 02:31 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

শুক্রবার সকালের এই ঘটনায় যাত্রী আবুল বাশার ও তাকে নিতে আসা গাড়িচালক আব্দুস সোবহানকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “করাচি থেকে শারজাহ হয়ে আসা আবুল বাশারের লাগেজে তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা এককোটি ৩০ লাখ ভারতীয় রুপি জব্দ করা হয়।

“মুদ্রাগুলো কম্বল ও বালিশের ভেতর লুকিয়ে রাখা ছিল। প্রাথমিকভাবে এগুলো জাল মুদ্রা বলে ধারণা করা হচ্ছে।”

পরে তাকে নিতে আসা গাড়িচালক সোবহানকেও গ্রেপ্তার করা হয় জানিয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা মঈনুল বলেন, “একটি সাদা রংয়ের প্রাইভেট কার নিয়ে সে বাশারকে নিতে এসেছিল।”

ফেনীর বাসিন্দা বাশার ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।