২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন-বোনাস ২০ রমজানের মধ্যে চান পোশাক শ্রমিকরা

তৈরি পোশাক শ্রমিকদের জুন মাসের বেতন ও ঈদের বোনাস রমজানের ২০ তারিখের মধ্যে পরিশোধের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 01:59 PM

Updated : 12 Apr 2022, 02:14 AM

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সমমনা গার্মেন্টস শ্রমিক সংগঠনসমূহ’ ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি মাহাতাব উদ্দীন শহীদ, শ্রমিক নেতা বজলুর রহমান বাবলু, রোকেয়া সুলতানা আঞ্জু ও শেফালী হোসেন এসময় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ২০ রমজানের মধ্যে সব গার্মেন্টস কারখানায় ঈদ-বোনাস ও জুন মাসের বেতন-ভাতাসহ ন্যায্য পাওনা পরিশোধে কেউ গড়িমসি করলে শ্রমিকরা তা মেনে নেবে না।

রমজানে অতিরিক্ত উৎপাদনের কারণে শ্রমিকদের অমানবিক চাপের মুখে পড়তে হয় বলে বক্তারা অভিযোগ করেন।

শ্রমিকদের বেতন-বোনাস ও উপরি পাওনা আদায়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করেন তারা।