একাদশে ভর্তি: দেড় লাখ শিক্ষার্থী আবেদনই করেনি
চলতি বছর মাধ্যমিকে উত্তীর্ণদের মধ্যে ১৩ লাখ এক হাজার ৯৯ জন কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করলেও দেড় লাখ শিক্ষার্থী আবেদনই জমা দেননি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির কলেজ পরিদর্শক মো. আশফাকুস সালেহীন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিটে কলেজ ভর্তির আবেদন জমা নেওয়ার সময় শেষ হওয়ার কথা থাকলেও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এসএমএসে টাকা জমা দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা।
আর শুক্রবার সকাল ১০টার মধ্যে যেসব শিক্ষার্থী টাকা জমা দিয়েছিলেন তাদেরকে বিশেষ বিবেচনায় এদিন বিকাল ৩টা পর্যন্ত আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
আশফাক জানান, এবার একাদশে ভর্তির জন্য ১৩ লাখ এক হাজার ৯৯ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে অনলাইনে নয় লাখ ৩৭ হাজার ৯৪৭ জন এবং এসএমএসে চার লাখ পাঁচ হাজার ৮৬৮ জন আবেদন করেন।
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন পাস করে। কলেজে ভর্তি হতে আবেদন করেছেন ১৩ লাখ এক হাজার ৯৯ জন।
এই হিসাবে মাধ্যমিক উত্তীর্ণ এক লাখ ৫১ হাজার ৫০৬ জন এবার কলেজ ভর্তির আবেদন করেননি।
এ বিষয়ে কলেজ পরিদর্শক আশফাক বলেন, “আগের অভিজ্ঞতা দেখে যায়, প্রতি বছরই এক লাখের উপর শিক্ষার্থী এদিক-ওদিক চলে যায়। কিছু শিক্ষার্থী ঝরে পড়ে, কিছু পলিটেকনিকে যায়।”
এই বোর্ড কর্মকর্তা জানান, একাধিক কলেজের জন্য আবেদন করার সুযোগ থাকায় এবার মোট ৪৪ লাখ ৯২ হাজার ১৪০টি আবেদন পড়েছে। এর মধ্যে অনলাইনে ৪০ লাখ ৪৯ হাজারর ৭৮০টি এবং এসএমএসে চার লাখ ৪২ হাজার ৩৬০টি আবেদন জমা দেন শিক্ষার্থীরা।
টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএসে আবেদন ফি জমা দিয়ে ইন্টারনেট অথবা এসএমএস করে শিক্ষার্থীদের একাদশে ভর্তির আবেদন করতে হয়েছে।
এবার কলেজে ভর্তিতে অনলাইনের মাধ্যমে সর্বোচ্চ ১০টি এবং এসএমএসের মাধ্যমে আরও ১০টিসহ মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ ছিল। একজন আবেদনকারী যতগুলো কলেজকে তার পছন্দক্রমে রাখছেন, সার্ভারে ততটি আবেদন হিসাব করা হচ্ছে।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের প্রথম দিন ২৬ মে শুরুর কয়েক ঘণ্টা টেলিটকের মাধ্যমে এসএমএসে ফি জমা দিতে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অবশ্য পরে আর জটিলতার অভিযোগ পাওয়া যায়নি।
গতবছর আবেদন জমা দিতে কোনো সমস্যা না হলেও মেধা তালিকা প্রকাশ করতে গিয়ে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে নির্ধারিত সময়ের তিন দিন পর শিক্ষার্থীরা ওই তালিকা দেখার সুযোগ পান।
আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, আগামী ১৬ জুন কলেজে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে এবার।
আসনের বিপরীতে নির্বাচিত তালিকা থেকে ১৮ থেকে ২২ জুন শিক্ষার্থী ভর্তি করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ভর্তি ২৩ থেকে ৩০ জুন।
আগামী ১০ জুলাই একাদশে ক্লাস শুরুর পর ১০ থেকে ২০ জুলাই বিলম্ব ফি দিয়ে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা।
এক বিজ্ঞপ্তিতে আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত প্রতিটি কলেজে মেধা তালিকায় অথবা অপেক্ষমাণ তালিকায় ফলাফল পাবেন।
“রোল, বোর্ড, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে অনলাইনেও ফলাফল দেখা যাবে। আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএস করেও ফলাফল জানিয়ে দেওয়া হবে। এছাড়া শিক্ষার্থীরা কলেজের নোটিস বোর্ডে ফলাফল দেখতে পাবেন।”
