ধর্ষণ মামলায় ‘সুবিধা নিয়ে’ আসামিদের অব্যাহতির সুপারিশ
দক্ষিণ কেরানীগঞ্জের এক নারী পোশাককর্মীকে দলবেঁধে ধর্ষণের মামলায় পুলিশের বিরুদ্ধে ‘অবৈধ সুবিধা নিয়ে’ আসামিদের অব্যাহতি দিতে সুপারিশ করার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ তুলে বৃহস্পতিবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, তাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে আসামিরা।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা শহীদুল ইসলামের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, সিআইডি কর্মকর্তা শহীদুল আসামিদের কাছ থেকে ‘সুবিধা নিয়ে’ আদালতে প্রতিবেদন জমা দেওয়ার পর আসামিরা তাকে অনবরত প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে।
তার আইনজীবী রবিউল ইসলাম রবি আদালতপাড়ায় সাংবাদিকদের বলেন, তিনি তদন্ত কর্মকর্তার ওই চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারাজি আবেদন দেবেন।
মামলার কাগজপত্র থেকে জানা যায়, ওই নারী পোশাককর্মীর সঙ্গে ১২ বছর আগে দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলী এলাকার একটি সিলভার কারখানার এক কর্মীর বিয়ে হয়। তাদের ঘরে একটি শিশুর জন্ম হয়, যার বয়স এখন ৮ বছর।
৪ বছর আগে তার স্বামী ওই কারখানায় কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান। তারপর তিনি তার শিশু সন্তানকে নিয়ে বাঁচার তাগিদে কালীগঞ্জ আলম মার্কেটের তৃতীয় তলায় নিউ জেসন গার্মেন্টে চাকরি নেন। ওই এলাকায় বসবাসকালে আসা-যাওয়ার পথে লেগুনা স্ট্যান্ডের ফারুক নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়।
ফারুক তাকে বিয়ের প্রস্তাব দিয়ে শারিরীক সম্পর্ক গড়ে তোলেন বলে মামলায় বলা হয়। ফারুকের সূত্রে লেগুনা স্ট্যান্ডে যাতায়াতের সুবাদে সালাম ও শফিক নামে আরও দুজনের সঙ্গে ওই নারীর পরিচয় হয়।
ওই নারীর অভিযোগ, গত ১৬ সেপ্টেম্বর রাতে স্ট্যান্ডে গিয়ে ফারুককে না পেলে সালাম তাকে হাবিবনগরে শফিকের বাড়িতে নিয়ে যান। সেখানে সালাম, শফিক ও অচেনা একজন তাকে ধর্ষণ করেন। এরপর ফারুকও সেখানে তাকে ধর্ষণ করেন।
এই ঘটনার পরদিন ওই নারী থানায় মামলা করেন। পুলিশ আসামি সালামকে আটক করলেও বাদীর ডাক্তারি পরীক্ষা করা হয়নি। প্রায় ১ মাস পর পরীক্ষা করায় ধর্ষণের আলামত নষ্ট হয়ে যায়।
মামলাটি তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হলে সিআইডির পরিদর্শক এস এম শহিদুল ইসলাম সাক্ষ্য-প্রমাণ ‘পাননি’ জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) জমা দেন।
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা শহীদুল ইসলামকে টেলিফোন করা হলে তিনি তার সঙ্গে দেখা করে কথা বলতে বলেন। পরবর্তীতে কয়েকবার ফোন করা হলে সংযোগ কেটে দেন তিনি।
