আরও দশ মামলায় মাহফুজ আনামের জামিন
যাচাই না করে শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ প্রকাশ করার ঘটনায় দায়ের মানহানির আরও ১০ মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
এ নিয়ে তার বিরুদ্ধে হওয়া সব কটি মামলায় জামিন পেলেন তিনি।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ মঙ্গলবার তাকে এই ১০টি মামলায় আট সপ্তাহের আগাম জামিন দেয়।
এর আগে এসব মামলায় হাই কোর্টে হাজির হয়ে জামিন আবেদন জানান ডেইলি স্টার সম্পাদক।
আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক, সঙ্গে ছিলেন ব্যারিস্টার মারগুব কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহাম্মেদ।
জরুরি অবস্থার সময় ‘ডিজিএফআইয়ের সরবরাহ করা’ শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ যাচাই না করে প্রকাশ করার ঘটনায় ডেইলি স্টার সম্পাদককে আসামি করে দেশের বিভিন্ন স্থানে ৮০ টির বেশি মামলা হয়।
এর মধ্যে এই ১০ মামলায় জামিনের মধ্য দিয়ে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে সব মিলিয়ে হওয়া ৮৪ মামলায় মাহফুজ আনাম জামিন পেলেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তার আইনজীবী ব্যারিস্টার মারগুব কবির।
তিনি বলেন, ৩ এপ্রিল হাই কোর্ট থেকে ৬৬ মামলায় আগাম জামিন পান ডেইলি স্টার সম্পাদক। নিম্ন আদালত থেকে আটটি মামলায় নিয়মিত জামিন পান। সর্বশেষ মঙ্গলবার হাই কোর্ট থেকে ১০টি মামলায় আট সপ্তাহের আগাম জামিন পান।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিবিদদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়; গ্রেপ্তার করা হয় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও।
ওই সময়ের ঘটনা নিয়ে গত ৩ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তখন সংবাদ প্রকাশের ক্ষেত্রে ‘বিরাট ভুল’ করেছিলেন তিনি।
তার ওই স্বীকারোক্তি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ওঠে। ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির অভিযোগে এই ৮০টির বেশি মামলা করেন আওয়ামী লীগ সমর্থকরা।
এর মধ্যে ৭২টি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন মাহফুজ আনাম। গত ১১ এপ্রিল হাই কোর্ট ৭২ মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল দেয়। সর্বশেষ ১০ মামলায় রোববার হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান, যা মঙ্গলবার শুনানির জন্য ওঠে।
