২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজটের ভোগান্তিতে রোজা শুরু রাজধানীবাসীর

রোজার প্রথম দিনটিতে পরিবারের সঙ্গে ইফতার করার চেষ্টায় ঘরে ফেরার পথে যানজটে পড়ে ভোগান্তির শিকার হতে হয়েছে রাজধানীবাসীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2016, 05:43 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

মঙ্গলবার দুপুর ২টার পর থেকেই রাজধানীর প্রায় সব রাস্তায়ই বেড়ে যায় গাড়ির চাপ।এছাড়া বিভিন্ন স্থানে রাস্তা খোঁড়াখুঁড়ির সঙ্গে বৃষ্টি মানুষের কষ্ট আরও বাড়িয়ে দেয়।

ঢাকার যাত্রাবাড়ি, মহাখালী, তেজগাঁও, বনানী, ফার্মগেইট, কারওয়ান বাজার, রামপুরা, প্রগতি সরণিসহ প্রায় সব সড়কের দুই পাশেই দেখা গেছে গাড়ির জটলা।   

বনানীর কাকলী মোড়ে পাইপ বসানোর কাজ করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ফলে চারলেনের রাস্তাটির দুই লেন কার্যত কিছুদিন ধরেই বন্ধ।

দুপুর থেকেই এই মোড়ে থেমে থেমে চলছে গাড়ি। ফলে যানবাহনের লম্বা সারি গিয়ে ঠেকেছে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত।

কাকলী মোড়ে ট্রাফিক পুলিশের সদস্য বিকাশ চন্দ্র সরকার জানালেন, রোজার প্রথম দিন নয়, তিনদিন ধরেই এ অবস্থা চলছে।

“রাস্তা সরু, গাড়ি র‍্যানডম যেতে পারে না। জ্যাম সামাল দিতে ব্যাপক ঝামেলা হচ্ছে। যাত্রীরাও খুব ভোগান্তি পোহাচ্ছে।”

এই মোড়ে গাজীপুর পরিবহনের বাসচালক মোহাম্মদ শাহ আলম জানালেন, বেলা সাড়ে ১২টায় সায়েদাবাদ থেকে রওনা হয়ে মহাখালী পর্যন্ত এসেই আটকে আছেন যানজটে।

“মহাখালী থেকে কাকলী পর্যন্ত আসতেই আধাঘণ্টা লেগেছে,” বলেন তিনি।

দুপুরের পর থেকে তেজগাঁওয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির দুই পাশ স্থবির হয়ে ছিল। কাকলীর যানজটের প্রভাবে গাড়ির জটলা মহাখালী-নাবিস্কো হয়ে চলে যায় সাতরাস্তা পর্যন্ত। মহাখালী বাস টার্মিনাল থেকে গাড়ি বের হওয়ায় চাপ বেড়ে যায়।

সাতরাস্তা এলাকায় একটি বাসে অনেকক্ষণ বসে থেকে বাধ্য হয়েই নেমে হাঁটা শুরু করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সোহেল রানা।

তিনি বলেন, “যতক্ষণ এখানে বসে থাকব, ততক্ষণে হেঁটেই মহাখালী চলে যাব।”

তিব্বত বাসস্ট্যান্ডে কথা হয় রিফাত অ্যালুমিনিয়াম নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবিএম সেলিমের সঙ্গে। খিলক্ষেত যেতে মগবাজার থেকে গাজীপুরগামী বলাকা পরিবহনে উঠেছেন তিনি। তবে অনেকক্ষণ গাড়ি না চলায় বিরক্ত তিনি।

“যাতায়াতের এ কষ্ট আর সহ্য হয় না। সাতরাস্তা থেকে তিব্বত আসলাম পঁয়তাল্লিশ মিনিটে।”

খানাখন্দের কারণে যাত্রাবাড়ি মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় সারাদিনই গাড়ির জট লেগে থাকে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকা মহানগর (ট্রাফিক) ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারি কমিশনার মো. আলমগীর হোসেন।

গুলশান থেকে মহাখালীমুখী রাস্তায় গাড়ির চলেছে শম্বুকগতিতে। একই অবস্থা রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক ফয়সাল আতিক জানান, গুলশান এক নম্বরে মহাখালীমুখী একটি ফাঁকা হিউম্যান হলারে উঠতে চাইলেও পরে চালকের সহকারীর পরামর্শে হেঁটেই রওনা দেন তিনি।

“হেলপার বলল, ভাই হেঁটে চলে যান। অনেক আগে যেতে পারবেন, আমরা প্রায় এক ঘণ্টা ধরে একই জায়গায় আছি। অনেক যাত্রী উঠেছে অনেকে নেমেও গেছে।”

প্রগতি সরণির বসুন্ধরা আবাসিক এলাকা, নতুন বাজার, শাহজাদপুর, উত্তর বাড্ডা পার হতে যাত্রীদের এক থেকে দেড় ঘণ্টা বসে থাকতে হচ্ছে।

রমজানের প্রথম দিন অফিস ফেরত মানুষ একসঙ্গে বাসায় ফিরতে চাইছে। এছাড়া কয়েকটি সড়কে খোঁড়াখুড়ি এবং বৃষ্টির কারণে যানজট একটু বেশি ছিল বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খান  মোহাম্মদ রেজোয়ান।

তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশ তৎপর আছে জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মাঠে আছি। সবাই যেন নিরাপদে বাসায় ফিরতে পারে সেদিক লক্ষ্য রাখছি।”