২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ মোকাবেলায় ‘নারীর সক্ষমতা ২৪% কম’

দুর্যোগ মোকাবেলায় পুরুষের তুলনায় নারী ২৪ শতাংশ কম সক্ষমতাসম্পন্ন বলে একশনএইড বাংলাদেশ পরিচালিত নতুন এক জরিপ প্রতিবেদনে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 10:02 PM

Updated : 11 Oct 2022, 08:20 PM

সোমবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ওই প্রতিবেদনে অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে অংশগ্রহণের ‘সুযোগ না থাকায়’ দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় নারীরা এভাবে পিছিয়ে আছে বলে উল্লেখ করা হয়েছে।

‘উইমেন রেসিলিয়েন্স ইনডেক্স: কমিউনিটি সিচুয়েশন’ শীর্ষক প্রতিবেদনে চারটি বিভাগে ৪০টি নির্দেশককে ভিত্তি ধরে করা জরিপে বলা হয়েছে, “১০০ এর মধ্যে নারীর স্কোর ৪০, যেখানে পুরুষের স্কোর ৫৫।”

পটুয়াখালী, বরগুনা ও ফরিদপুরের চার ইউনিয়নে চালানো জরিপে অংশ নেওয়া ২৬১ জনের মধ্যে নারী ছিলেন ১৩২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, “৪৯ শতাংশ নারী তাদের নিজস্ব আয় খরচের সিদ্ধান্ত নিতে পারেন না, ৬৫ শতাংশ গৃহিণীর কোনো সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা নেই, ৭১ শতাংশ গ্রামের বাইরে যেতে নিরাপদ বোধ করেন না, ৭৭ শতাংশ মনে করেন না দুর্যোগ হলে তাদের বাড়ি নিরাপদ থাকবে।

“আবার নিরাপত্তার অভাবে নানা দুর্যোগের সময়ও শতকরা ৫৫ জন নারী আশ্রয়কেন্দ্রে যেতে নিরাপদ মনে করেন না।”

নানা দুর্যোগে ১৯৯৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশের ১০ মিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে এবং সাড়ে ১৫ হাজারের বেশি মানুষ মারা গেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, “মৃত্যুর হারে নারী ও পুরুষের অনুপাত ৪ এর বিপরীতে ১ জন। নারীর ক্ষমতায়ন হলেই এই ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

গুলশানের লেকশোর হোটেলে ওই অনুষ্ঠানে পারিবারিক কাজে নারীর অংশগ্রহণ সবচেয়ে বেশি হলেও উল্লেখিত বিষয়ে ‘বিভিন্ন মাত্রার ঘাটতি থাকায়’ নারীরা দুর্যোগ মোকাবেলায় সেভাবে ভূমিকা রাখতে পারছেন না বলে মন্তব্য করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির।

জরিপ সম্পর্কে তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলায় নারীরা ভূমিকা রাখলেও তার স্বীকৃতি পায় না। তাদের শক্তিশালী ভূমিকার জন্য প্রয়োজন তাদের ক্ষমতায়ন। নানা দুর্গম অবস্থা থেকেই নারীকে দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।

“তাই দুর্যোগ মোকাবেলায় তাদের অংশগ্রহণ, সিদ্ধান্ত ও মতামত প্রদানের সুযোগ দিতে হবে। পাশাপাশি নারীদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। যে যার নিজের জায়গা থেকেই কাজ করতে হবে নারীর ক্ষমতায়নের জন্য।”

আলোচনায় অংশ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক ড. সালিমুল হক বলেন, “শুধু নারীদের নয়, আগামী প্রজন্মের, বিশেষ করে মেয়ে শিশুদেরও ক্ষমতায়ন প্রয়োজন। তা সম্ভব শিক্ষার মাধ্যমে। তাহলে তারা হয়ে উঠবে আগামীর সমাধানকারী হিসেবে।”

এসময় দুর্যোগ মোকাবেলায় বিদ্যমান পদ্ধতিসমূহের ‘ত্রুটি’ দূরীকরণে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ নারীর ক্ষমতায়নে বিভিন্ন সরকারি উদ্যোগ তুলে ধরে বলেন, “আমরা নারীর প্রতি সহিংসতা রোধে ও নারীর অধিকার আদায়ে কাজ করছি। দুর্যোগ সময়কালীন আধুনিক আশ্রয়কেন্দ্রও তৈরি করা হচ্ছে, যা প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ও নিরাপদ হবে।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নারীনেত্রী সালমা আক্তার ও বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাই কমিশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শাশ্বতী বিপ্লবসহ বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা বক্তব্য দেন।