রাষ্ট্রপতির সঙ্গে শ্রীলঙ্কার স্পিকারের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার কারু জয়সুরিয়া।
রোববার বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ব্রুনেইয়ের হাই কমিশনার পেনজিরান হাজি আবদুল হারিস বিন পেনজিরান হাজি শাহাবুদিন রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বলেও জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “শ্রীলঙ্কার স্পিকারকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। রাষ্ট্রপতি এসময় দুই দেশের জনগণ ও পার্লামেন্টের মধ্যে সম্পর্ক বাড়াতে উচ্চ পর্যায়ে সফর বিনিময়ে গুরুত্বারোপ করেন।”
রাষ্ট্রপতি দুই দেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে জাহাজ ও পর্যটন শিল্পের কথা উল্লেখ করে বলেন, এই দুই খাত বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে ভূমিকা রাখতে পারে।
কারু জয়সুরিয়া এসময় তার দেশের পার্লামেন্টের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাবেক স্পিকার আবদুল হামিদকে তিনি আরও জানান, শ্রীলঙ্কার পার্লামেন্টে আগামী ৯ জুন শ্রীলঙ্কা-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন হবে। এর মধ্যে দিয়ে দুই দেশের জনগণ ও পার্লামেন্টের মধ্যে সম্পর্ক সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন জয়সুরিয়া।
ব্রুনেইয়ের দূতের বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ ব্রুনেইয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেয়। দুই দেশের বিদ্যমান বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই খাতে দুই দেশের সম্পর্ক সম্প্রসারণের সুযোগ রয়েছে।”
রাষ্ট্রপতি এসময় ব্রুনেইকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত এবং পাটপণ্য আমদানি করার আহ্বান জানান।
বাংলাদেশ থেকে চাল ও চিনি নেওয়ার বিষয়ে ব্রুনেইয়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করে আবদুল হামিদ আশা করেন, এই সিদ্ধান্ত দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে সাহায্য করবে।
রাষ্ট্রপতি এসময় ব্রুনেইয়ের দূতকে বাংলাদেশ থেকে তার দেশে আরও জনশক্তি নেওয়ার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব বলেন, বিদায়ী দূত সাক্ষাতের সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিশেষ করে ছয় শতাংশেরও বেশি প্রবৃদ্ধি অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তিনি এসময় বলেন, চলমান অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকলে বাংলাদেশ ২০১২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হবে।
কৃষি খাতে বাংলাদেশের উন্নতির কথা উল্লেখ করে ব্রুনেইয়ের দূত বলেন, তার দেশ কৃষির উন্নতিতে এই দক্ষতা ব্যবহার করতে আগ্রহী।
