২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ুন আজাদ হত্যা মামলায় সাবেক মহানগর হাকিমের সাক্ষ্য

লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক হুমায়ুন আজাদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন সাবেক মহানগর হাকিম মো. এমদাদুল হক।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 07:29 PM

Updated : 20 Aug 2022, 12:53 PM

রোববার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. রুহুল আমিন তার বক্তব্য শুনে আগামী ২৭ জুন পরবর্তী দিন রাখেন।

সাবেক মহানগর হাকিম মো. এমদাদুল হক এ মামলার আসামি আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহীদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেছিলেন।

ওই দিন কোনো সাক্ষী হাজির না হলে সাক্ষ্য গ্রহণের অধ্যায় শেষ করে আসামিদের আত্মœপক্ষ সমর্থনের দিন ঠিক করা হবে বলে এ আদালতে রাষ্ট্রপক্ষের অন্যতম আইনজীবী এবিএম বশির উদ্দিন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের মোট ৫৮ জন সাক্ষীর মধ্যে থেকে রোববার পর্যন্ত ৩৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান আইনজীবী বশির উদ্দিন।

২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারির রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমির উল্টো পাশে হুমায়ুন আজাদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

কয়েক মাস চিকিৎসা নেওয়ার পর ২০০৪ সালের অগাস্টে গবেষণার জন্য জার্মানিতে যান এই লেখক। পরে ১২ অগাস্ট মিউনিখে নিজের ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হামলার পরদিন তার ভাই মঞ্জুর কবির রমনা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। আদালতের আদেশে অধিকতর তদন্তের পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পুরনো খবর:

যুগ পেরোলেও বিচার পায়নি হুমায়ুন আজাদের পরিবার