২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নজরুলকে ভাবতে হবে ধর্ম-রাজনীতির ঊর্ধ্বে’

নজরুল সমালোচকদের কঠোর সমালোচনা আর সাম্যের কবির বন্দনায় জমজমাট আলোচনা শুনল জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারির উপস্থিত শ্রোতা-অতিথিরা।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 09:13 PM

Updated : 11 Oct 2022, 08:19 PM

কাজী নজরুল ইসলামের ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার জাতীয় জাদুঘর এই আয়োজন করে।

জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরীর স্বাগত বক্তব্যের পর ‘নজরুল স্মৃতিকথা’ শিরোনামে মূল আলোচনার শুরু করেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

নজরুলের গান, কবিতা, গদ্য, প্রবন্ধ নিয়ে কবি বুদ্ধদেব বসুর নানা সমালোচনার সূত্র ধরে কথা বলেন তিনি।

শুরুতেই সলিমুল্লাহ খান বলেন, “কবি বাকশক্তি হারানোর পর তাকে নিয়ে যারা সমালোচনা করেছেন, তাদের মধ্যে কবি বুদ্ধদেব বসু ছিলেন প্রভাবশালী।”

বুদ্ধদেব বসুর ‘অ্য রিভিউ অব বেঙ্গল লিটারেচার’, ‘অ্যান অ্যাকর অব গ্রিন গ্রাস’, ‘বিশ্বভারতী’-র বিশেষ সংখ্যাসহ নানা প্রবন্ধের উদাহরণ টেনে তিনি বলেন, “ইংরেজি ভাষায় লেখা বইগুলোর সঙ্গে বাংলা ভাষায় লেখা বইগুলোর তথ্যে গরমিল রয়েছে। মূল বাংলা গ্রন্থে তিনি যেসব তথ্য উপস্থাপন করেছেন, সেসব তথ্য আবার ইংরেজি ভাষার বইয়ে উল্লেখ করেননি।”

বুদ্ধদেব বসুর নজরুল সমালোচনাকে ‘টিউটরিয়াল নোট’ হিসেবে আখ্যায়িত করেন এই অধ্যাপক।

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ছাত্র বুদ্ধদেব বসু নজরুল সম্পর্কে ঢালাও সমালোচনা করে গেছেন।

তার মতে, নজরুল ছিলেন কিশোর কবি, তার কবিতায় শুধুই উন্মাদনা। তিনি বলেছিলেন- নজরুলের গানগুলো টিকে থাকলেও নজরুলের অনেক কবিতা হারিয়ে যাবে।”

“বুদ্ধদেব বসুর অভিযোগ ছিল- নজরুল নাকি কখনও নিজেকে বদলাতে পারেননি। কিন্তু তার কবিতা, গানেই তো তার বদলে যাওয়ার ছবি সুস্পষ্ট। তিনি ক্রমাগতভাবে নজরুল ইসলামের সমালোচনা করে গেছেন।”

সলিমুল্লাহ খান জানান, বুদ্ধদেব বসু সম্পাদিত ত্রৈমাসিক ‘কবিতা’ পত্রিকায় বুদ্ধদেব বসু কবি নজরুলের ১৪২টি গানের সংকলন ছেপেছিলেন। নজরুলের গানকে বাঁচিয়ে রাখতেই ‘কবিতা’ পত্রিকার সেই সংখ্যাটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল।

বক্তব্যের শেষে তিনি বলেন, “বুদ্ধদেব বসু যেভাবে নজরুলের সমালোচনা করে গেছেন, নজরুল সুস্থ থাকলে নিশ্চয় তার জবাব দিতেন।”

‘কাজির বিচার’ শিরোনামে একটি বইয়ে জাতীয় কবির সমালোচকদের পুনর্বিচার করার তথ্যটিও জানিয়ে যান সলিমুল্লাহ খান।

পরে নজরুল সাহিত্য, কাব্য ও গানের নানা দিক নিয়ে আলোচনা করেন শিল্পী মোস্তাফা জামান, কবি সাখাওয়াত টিপু, কবি সোহেল হাসান গালিব।

বেলা ১১টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকও।

নজরুল মূল্যায়নে মসিউর রহমান বলেন, “কবি নজরুল ছিলেন বহতা খরস্রোত। সেই খরস্রোত থেমে না গেলে আমরা হয়তো নজরুলের পরিণত বয়সের নানা চিন্তা, অনুভূতির সঙ্গে পরিচিত হতে পারতাম। সৃজনশীল, মহানুভূতিসম্পন্ন কবি নজরুলকে আমরা রাজনৈতিক পাল্লায়ও মেপেছি কখনও, যা আসলে উচিত নয়।”

নজরুলের অনুবাদ সাহিত্যের নানা দিক নিয়ে আলোকপাত করতে গিয়ে তিনি বলেন, “নজরুল আরবি-ফারসি ভাষা ব্যবহারে কুশলতার পরিচয় দিয়েছেন। বাঙালি জীবনাচরণের সঙ্গে তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিদেশি শব্দ ব্যবহার করেছেন।”

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, “সেকালে কলকাতার সাহিত্য সমাজে নজরুল তেমন গুরুত্ব পাননি। তার বিরুদ্ধে অহেতুক সমালোচনা হয়েছে। অথচ তার প্রতিবাদের শক্তিই ছিল না তখন।’

আলোচনা সভার পর ড. মসিউর রহমান জাতীয় জাদুঘরের গ্যালারিতে নজরুল রচনাবলী ও নজরুলের ব্যবহৃত নানা সামগ্রীর প্রদর্শনী উদ্বোধন করেন।