এবার মন্ত্রণালয় ঘেরাওয়ের হুমকি সাংবাদিকদের
চলতি মাসের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন না হলে তথ্য মন্ত্রণালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
শনিবার এক সমাবেশে ইউনিয়নের বিএনপি সমর্থিত অংশের মহাসচিব এম আবদুল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “সরকারি কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বিচারপতিদেরও বেতন-ভাতা দ্বিগুণ হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে আগুন লেগেছে। একই বাজার থেকে গণমাধ্যম কর্মীদেরও বাজার করতে হচ্ছে। দ্রব্যমূলের উচ্চগতিতে গণমাধ্যম কর্মীরা দিশেহারা।’’
“তাই সরকারকে বলব, আগামী ৩০ জুনের মধ্যে নবম ওয়েজ বোর্ড গঠন করে সংবাদ কর্মীদের এই অবস্থার অবসান ঘটান। নইলে আমরা তথ্য মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে বাধ্য হব।”
একই সঙ্গে জাতীয় বেতন কমিশনের মতো স্থায়ী ওয়েজ বোর্ড গঠনেরও দাবি জানান বিএফইউজের এই শীর্ষ নেতা।
সরকার সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নও গত ২৩ মে এক সমাবেশ থেকে নবম ওয়েজ বোর্ড গঠনে ঈদ পর্যন্ত সময় বেঁধে দেয় সরকারকে।
গতবছর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি চাকুরেদের জন্য অষ্টম বেতন কাঠামো অনুমোদন করে সরকার।
এর সঙ্গে সঙ্গতি রেখে সশস্ত্র বাহিনীর জন্যও নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও নতুন কাঠামোতে বেতন দেওয়ার ঘোষণা এসেছে।
এরপর থেকেই সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সরকারি বেতন কাঠামোর সঙ্গে সঙ্গতি রেখে নবম ওয়েজ বোর্ড গঠনের দাবি জানিয়ে আসছে।
সর্বশেষ ২০১২ সালে সংবাদপত্রের কর্মীদের জন্য মূল বেতনের ৫০ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছিল সংবাদপত্রের অষ্টম মজুরি বোর্ড। পরের বছর অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণা করা হয়।
জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিএনপি সমর্থিত বিএফইউজে ও ডিইউজের যৌথ উদ্যোগে শনিবারের সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিএফইউজে সভাপতি শওকত মাহমুদ, সাংবাদিক শফিক রেহমান, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামকে মুক্তির দাবিও এসেছে।
পরে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বিফইউজের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন হারুনের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ইউনিয়নের কেন্দ্রীয় নেতা মোদাবেবর হোসেন, শহিদুল ইসলাম, নুরুল আমিন রোকন, খুরশিদ আলম, কাদের গনি চৌধুরী, আবুল কালাম মানিক, সাদাত হোসাইন, জসিম মেহেদি, শাখাওয়াত হোসেন মুকুল, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, বোরহান উদ্দিন, শাহীন হাসনাত প্রমুখ বক্তব্য দেন।
