বিজিবিতে যোগ হচ্ছে ‘এয়ার উইং’
নারী সদস্য নিয়োগের পরের মাসেই বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) এয়ার উইং যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আজিজ আহমেদ।
বৃহস্পতিবার পিলখানায় সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজিবি প্রধান বলেন, ৫ জুন থেকে প্রথমবারের মতো বিজিবি নারী সদস্য যোগ দিতে যাচ্ছেন। মোট একশ জনকে নেওয়ার কথা ছিল। তিন জন বিভিন্ন পর্যায়ে বাদ পড়েছেন। বাকি ৯৭ জন দিয়েই যাত্রা শুরু হচ্ছে।
“নারী সদস্যরা যোগ দিলে নারী পাচারকারীদের দেহ তল্লাশির ক্ষেত্রে যে সমস্যা হতো তা দূর হবে। এছাড়াও পিলখানার গেটে তাদের অন্য পুরুষ সদস্যদের মতো কাজ করতে দেখা যাবে। হাসপাতালেও তারা কাজ করবে।”
এয়ার উইং যুক্ত করার তথ্য জানিয়ে তিনি বলেন, “এয়ার উইং এর গেজেট হয়ে গেছে। তিনটি হেলিকপ্টার থাকছে আর ভিত্তি প্রস্তর উদ্বোধন এ মাসেই। এরই মধ্যে জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।”
উইংটির গুরুত্ব তুলে ধরে আজিজ আহমেদ বলেন, “এই উইংটি অত্যান্ত জরুরি ছিল। গহীন জঙ্গলে, দুর্গম এলাকায় যে ১২৭টি বর্ডার আউট পোস্ট (বিওপি) করা হয়েছে সেখানে খাবার পৌঁছানো, চিকিৎসা সেবা, জরুরি অভিযানসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হবে এই উইংয়ের মাধ্যমে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য বাহিনীর মতো বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের র্যাঙ্ক নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে তিনি আশা করছেন।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই বাহিনীর মহাপরিচলকের পদ মেজর জেনারেল দিয়ে শুরু হয়েছে; এখনও সেটাই আছে। অথচ অন্য সব-সংস্থা বাহিনীর অপডেট হয়েছে।
“বিজিবির ২০১০ সালের আইন অনুযায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হবেন, না মেজর জেনারেল হবেন, না লেফটেনেন্ট জেনারেল হবেন তা বলা নেই। এটা সরকারে সিদ্ধান্ত।”
চলতি বছরের পাঁচ মাসে বিজিবির কর্মকাণ্ড তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করেন বিজিবি মহাপরিচালক।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, “গত পাঁচ মাসে মাদক চোরাচালান ব্যবসায়ে জড়িত ১১০ জনকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে; ৫৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। কিন্তু দুঃখজনক তারা ২/৩মাসের মধ্যে জামিনে বের হয়ে আবার সেই ব্যবসা করছে।”
গ্রেপ্তারকৃতদের স্বল্প সময়ের মধ্যে বিচার করতে না পারলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
“আমরা ধরব তারা জামিনে বের হয়ে এসে হাসতে হাসতে আমাদের সামনে দিয়ে যাবে তাহলে ফেনসিডিল, ইয়াবা আসা বন্ধ হবে না।”
মহাপরিচালক জানান, চোরাচালান ঠেকাতে পর্যায়ক্রমে অরক্ষিত এলাকাগুলোতে বিওপি নির্মাণ করা হচ্ছে। ২০১৭ সালের মধ্যে পার্বত্য চট্টগ্রাম এলাকার যে সব সীমান্ত অরক্ষিত রয়েছে তা শূন্যে নেমে আসবে।
সীমান্ত হাটের ব্যাপারে এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে বেশি বেশি করে হাট হওয়ার পক্ষে তিনি। তবে এখন এসব নির্ধারণ করে জেলা প্রশাসক পর্যায় থেকে।
সীমান্ত ব্যাংক প্রসঙ্গে আজিজ আহমেদ বলেন, শর্ত অনুযায়ী যে চারশ কোটি টাকা জমা দেওয়ার নিয়ম রয়েছে তা এ মাসেই জমা দেওয়া হবে। ইতোমধ্যে ব্যাংকের শাখার নির্মাণ এবং জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।
জুলাই মাস থেকে পুরোপুরি কাজ শুরু হবে বলে জানান বিজিবি প্রধান।
