২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রমোদ মানকিনের মতো দেশসেবক পাওয়া কঠিন: শেখ হাসিনা

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার মতো নিবেদিতপ্রাণ দেশসেবক পাওয়া কঠিন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 10:59 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বুধবার সংসদে প্রমোদ মানকিনের মৃত্যুতে আনা শোক প্রস্তাবের উপর আলোচনায় শেখ হাসিনা বলেন, “একজন রাজনীতিবিদ হিসেবে যতগুণ থাকার কথা প্রমোদ মানকিনের তার সবই ছিল।

“মৃত্যুটা হল সত্য। মৃত্যুতে অস্বীকার করা যায় না। তবে কিছু মানুষের মৃত্যু সমাজ, সংসার ও রাষ্ট্রের জন্য ব্যাপক ক্ষতি বয়ে আনে।তার মতো নিবেদিতপ্রাণ দেশসেবক পাওয়া কঠিন।”

চলমান সংসদের কোনো সদস্যদের মৃত্যু হলে তার জীবন ও কর্মের উপর আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “দুঃখজনক হলেও সত্য আমরা একের পর এক অনেক সংসদ সদস্য হারাচ্ছি। দুর্ভাগ্য হল সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মারা যাওয়ার পর প্রমোদ ‍মানকিন দায়িত্ব পালন করছিলেন। এবার তাকেও হারালাম।”

প্রমোদ মানকিনের আগে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্ব পালনকারী সৈয়দ মহসীন আলীরও মৃত্যু ঘটে।  

প্রমোদ মানকিনের রাজনীতিতে যুক্ত হওয়ার ইতিহাসও তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “তিনি চাকরি করতেন। ১৯৯১ সালে আমি তা ডেকে আনলাম, বললাম দলে যোগ দেন। আমাদের দলে খ্রিস্টান ধর্মের কোনো প্রতিনিধি ছিল না। তাকে ডেকে বললাম আপনাকে হালুয়াঘাট থেকে নির্বাচন করতে হবে। আমার কথা উনি ফেলতে পারলেন না।

“নমিনেশন পেয়ে উনি ওই নির্বাচনে জয়ী হলেন, তবে আমরা ক্ষমতায় আসতে পারলাম না। ১৯৯৬ সালে নির্বাচন করে তিনি হেরে গেলেন আবার ২০০১ সালে জিতলেন। এরপর উনি আমার সাথে দেখা করে বললেন আমি আর নির্বাচন করব না। বললেন, আমি নির্বাচনে জিতলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না। তবে আমি তাকে বলেছিলাম এটা কোনো বিষয় নয়। ২০০১ সালের নির্বাচনে তো ‍আমাদের দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়ে জয়ী হতে পারেনি।”

২০০৮ সালে নির্বাচনে বিজয়ী প্রমোদ মানকিনকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা। এবার তাকে দেওয়া হয় সমাজকল্যাণের দায়িত্ব।

“দুটি মন্ত্রণালয়ে তিনি অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন,” বলেন সরকার প্রধান শেখ হাসিনা।

এই আলোচনায় অংশ নেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, মোসলেম উদ্দিন, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জাসদের শিরিন আখতার প্রমুখ।

এর আগে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সাবেক সংসদ সদস্য আসফার হোসেন মোল্লা, সাবেক গণপরিষদ সদস্য এ এম আহমেদ খালেক, সাবেক সংসদ সদস্য মো. শহীদুল ইসলাম,  আজিজুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব উস্থাপন করেন।

এছাড়া বাংলাদেশসহ উপমহাদেশে নারীদের প্রথম সাপ্তাহিক বেগম’র সম্পাদক নূরজাহান বেগম, বুয়েট উপাচার্য খালেদা একরাম, আওয়ামী লীগের সাংসদ আবুল কালাম আজাদের স্ত্রী আনোয়ারা আজাদ, সাংবাদিক সাদেক খান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আক্তার সরদার, চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন, দুর্বৃত্তের চাপাতির কোপে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী, ইউএসএআইডি কর্মকর্তা জুলহাজ মান্নান, নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

প্রমোদ মানকিনের উপর আলোচনা শেষে মৃতদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম আউয়াল (সাইদুর রহমান)।