২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি বন্ধে সব টোল প্লাজায় ওয়েব বেইজড মনিটরিং: কাদের

চুরি বন্ধে দেশের সব টোল প্লাজায় ‘ওয়েব বেইজড মনিটরিং’ পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2016, 06:15 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

বুধবার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় ওয়েব বেইজড মনিটরিং পদ্ধতি ও এক্সেল লোড (বাথুলি ও সীতাকুণ্ড) স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী জানান, মেঘনা ও গোমতী সেতুতে টোল প্লাজা ওয়েব বেইজড মনিটরিংয়ে আসায় দৈনিক গড়ে ৮০ লাখ টাকার বেশি রাজস্ব  আদায় হবে। আগে দৈনিক গড় আদায় ছিল ৪০ থেকে ৫০ লাখ টাকার মত। এখান থেকে ৫ বছরে এক হাজার ২৭৭ কোটি টাকার উপর রাজস্ব আদায় হবে।

ওবায়দুল কাদের বলেন, “দুটি সেতুর টোল প্লাজায় ওয়েব বেইজড মনিটরিং চালুর আগে পুকুর চুরি হতো, কখনও কখনও ডাকাতিও হতো। চুরি ও ফাঁকিবাজি বন্ধে পর্য়ায়ক্রমে দেশের সব বন্দরে ওয়ে স্কেল বসানো হবে। এর মাধ্যমে চুরি ও ফাঁকিবাজি বন্ধ হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, ওয়েব বেইজড পদ্ধতিতে টোল আদায়ের জন্য কম্পিউটার সিস্টেমস নেটওয়ার্ক (সিএনএস) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথ অধিদপ্তরের পাঁচ বছরের চুক্তি হয়েছে।

মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় ছয়টি করে ১২টি ওয়ে স্কেল মেশিন স্থায়ীভাবে বসানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সড়ক-মহাসড়ক রক্ষায় অতিরিক্ত ওজনের ট্রাক বা লরি চলাচল নিয়ন্ত্রণের জন্য ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বড় দারোগার হাটে কম্পিউটা নিয়ন্ত্রিত এক্সেল লোড কন্ট্রোল স্টেশন স্থাপন করা হয়েছে।

কানাডার কারিগরি সহযোগিতায় দেশিয় প্রতিষ্ঠান রেগনাম রিসোর্স লিমিটেড এই স্টেশন স্থাপন করেছে।