২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রতিরক্ষামন্ত্রীর সাক্ষাৎ

আধুনিক প্রযুক্তি দিয়ে সশস্ত্র বাহিনীকে উন্নত ও শক্তিশালী করার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2016, 03:27 PM

Updated : 20 Aug 2022, 12:50 PM

সোমবার সকালে গণভবনে ঢাকা সফররত চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল চাং ওয়ানকান সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আমরা ডিফেন্স খাতে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করতে চাই। এটা শুধু যুদ্ধের জন্য নয়, সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের জন্য।”

শেখ হাসিনা চীনের সঙ্গে বাংলাদেশের ‘চমৎকার’ সম্পর্ক থাকার কথা তুলে ধরেন বলেন, “চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী; বাংলাদেশের বিভিন্ন সেক্টরের উন্নয়নে তারা অংশ নিচ্ছে।”

দুই দেশের মধ্যে কৃষি খাতে ভাল সহযোগিতা হতে পারে মত দিয়ে প্রধানমন্ত্রী চীনা মন্ত্রীকে বলেন, “দুই দেশেরই প্রচুর জনসংখ্যা। তাই কৃষি উৎপাদন বাড়াতে সহযোগিতা হতে পারে।”

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার করিডোরের (বিসিআইএম) কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এটা কানেকটিভিটিকে শক্তিশালী করবে এবং এর মাধ্যমে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।”

‘ওয়ান চায়না পলিসিতে’ বাংলাদেশের বিশ্বাস রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দেশগুলোর মধ্যেকার সমস্যার সমাধান হতে পারে।

চীনের প্রতিরক্ষামন্ত্রীর মাধ্যমে শেখ হাসিনা সে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে তার শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন চাং ওয়ানকান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা ও অর্থনৈতিক অগ্রগতির কথাও উল্লেখ করেন তিনি। 

‘বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জল’ বলে মন্তব্য করে চীনের প্রতিরক্ষামন্ত্রী আশা করেন, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে তা আরও শক্তিশালী হবে।

প্রেস সচিব জানান, বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে চাং ওয়ানকান প্রধানমন্ত্রীকে বলেন, কীভাবে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা যায় যায় তা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের কুটনৈতিক সম্পর্ক স্থাপনের সময় থেকে অর্থ, বাণিজ্য, সংস্কৃতি ও সামরিক ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং দুদেশই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখছে।

‘বাংলাদেশের এক চীন নীতি’র প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ, যার ভাল প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিরক্ষা সচিব কাজী হাবিবুল আওয়াল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদুত মা মিংকিয়াং সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।