২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিবের মৃত্যু

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আমজাদ আলী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 03:05 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন জানান, রোববার অফিস করার সময় অসুস্থ বোধ করছিলেন আমজাদ। সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে বারডেম হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।

আগামী ডিসেম্বরে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল ৫৮ বছর বয়সী আমজাদ আলীর। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

১৯৮৪ সালের বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আমজাদের সমসাময়িক কয়েকজন কর্মকর্তা বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করছেন। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিলও তার ব্যাচমেট।

ধর্মমন্ত্রীর একান্ত সচিব (পিএস) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত তিন দফা ‘পদোন্নতি বঞ্চিত’ হয়েছেন আমজাদ আলী। সে কারণে তিনি ‘মানসিকভাবে বিপর্যস্ত’ ছিলেন।

“মারা যাওয়ার তিন দিন আগে আমজাদ আলী আমাকে বলেন, ছেলে-মেয়েদের প্রশাসন ক্যাডারে চাকরি করতে দিস না। প্রশাসন ক্যাডারে কোনো ন্যায়বিচার নেই।”

গত ১২ মে ৮৫ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার, যাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত ছিলেন। সেই তালিকাতেও আমজাদ আলীর নাম আসেনি।

মঙ্গলবার সকালে সচিবালয় মসজিদের সামনে জানাজা শেষে আমজাদ আলীর লাশ দিনাজপুরের ফুলবাড়িতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও মেয়ে রেখে গেছেন।

আমজাদ আলীর মৃত্যুতে ধর্মমন্ত্রী মতিউর রহমান এবং সচিব মো. আব্দুল জলিল শোক জানিয়েছেন।