২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিল্কী হত্যা : আসামি আরিফের জামিন স্থগিতই থাকছে

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী হত্যা মামলার আসামি মো. আরিফ ওরফে আরিফ হোসেনের জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 09:01 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

আরিফের জামিন স্থগিত করে চেম্বার বিচারপতির দেওয়া আদেশ বহাল থাকবে জানিয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেয়।

এ মামলায় গত ৯ মে হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারির পাশাপাশি আরিফকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিলে এর স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে, যা ১৯ মে চেম্বার বিচারপতির আদালতে ওঠে।

ওইদিন চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে ২২ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ।

পরে মাসুদ হাসান চৌধরী পরাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেম্বার বিচারতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখে আপিল বিভাগ আদেশ দিয়েছে। ফলে আরিফ কারাগার থেকে মুক্তি পাচ্ছে  না।”

হাই কোর্টে আরিফের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, “অন্য আসামিরা জামিনে আছে বলে হাই কোর্টে করা আবেদনে উল্লেখ করি। এ দিকটি বিবেচনায় নিয়ে আদালত রুলসহ জামিন দেয়। আগামী সপ্তাহে রুলের ওপর শুনানির উদ্যোগ নেব।”

২০১৩ সালের ২৯ জুলাই রাতে গুলশানের শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করা হয় মিল্কীকে।