তনুর প্রথম ময়নাতদন্তে ‘ভুল’ ছিল: আমু
কুমিল্লা সেনানিবাসের ভেতরে কলেজছাত্রী সোহাগী জাহান তনু খুন হওয়ার পর তার মরদেহের প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে ‘ভুল’ ছিল বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
ডিএনএ পরীক্ষায় তনুকে ধর্ষণের যে আলামত পাওয়া গেছে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “প্রথমে যে ময়নাতদন্ত প্রতিবেদন ছিল, সেটায় একটু বিভ্রান্তি এবং ভুল ইনফরমেশন থাকায় দীর্ঘসূত্রতা লাভ করেছিল।”
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাড়ির কয়েকশ গজের মধ্যে ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে তাকে ধর্ষণের সন্দেহ প্রকাশ করা হয়েছিল।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ মার্চ প্রথম দফা তনুর লাশের ময়নাতদন্ত হয়। তবে তার প্রতিবেদনে প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়ার কথা জানান চিকিৎসকরা।
তবে ঘটনার তদন্ত করা সিআইডি ঘটনার যেসব আলামত সংগ্রহ করেছিল সেসবের ডিএনও পরীক্ষা করে খুনের আগে তনুকে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে।
গত ১৫ মে সিআইডির কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের দায়িত্বে থাকা বিশেষ সুপার নাজমুল করিম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিএনএ পরীক্ষায় কয়েকজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া গেছে।”
শিল্পমন্ত্রী আমু বলেন, “ডিএনএ টেস্টে ধর্ষণের আলামত এবং এতে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। সেভাবেই এখন তদন্ত করা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
‘আইএস মেলেনি’
সাম্প্রতিক আলোচিত কয়েকটি হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) জড়িত থাকার খবর গণমাধ্যমে এলেও এর কোনো প্রমাণ মেলেনি বলে জানান আমু।
তিনি বলেন, “কোনো হত্যাকাণ্ডের পর যে অভিযোগের কথা বলা হয়, তা হলো আইএসের জড়িত থাকার কথা।
“এই অভিযোগের কথা যারা বলেন, তাদেরকে আমরা বলেছি আপনাদের কাছে যদি সনাক্ত কেউ থাকে, দুই একটা নাম বলুন বা কোনো তথ্য থাকলে আমাদেরকে জানান। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আজ পর্যন্ত কেউ সঠিক কোনো তথ্য বা প্রমাণ দিতে পারেনি।”
বরং আইনশৃঙ্খলা বাহিনীর অনুসন্ধানে এসব হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।
“এর মধ্যে ২৫টি জেএমবি, আটটি আনসারউল্লাহ বাংলা টিম ও চারটি ঘটনা অন্যান্য জঙ্গি গোষ্ঠি ঘটিয়েছে। কিন্তু কোথাও আইএসের সম্পৃক্ততা পাওয়া যায়নি।”
এ মাসের শুরুর দিকে এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক সাম্প্রতিক হামলার যে পরিসংখ্যান দেন, তাতেও এসব ঘটনায় জেএমবির এগিয়ে থাকার চিত্র মেলে।
২০১৩ সালে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের পর থেকে টাঙ্গাইলে হিন্দু দর্জি নিখিল জোয়ারদার হত্যাকাণ্ড পর্যন্ত ৩৭টি হামলার ঘটনার তথ্য তুলে ধরেন পুলিশপ্রধান।
তিনি হামলার যে পরিসংখ্যান দেন, তার মধ্যে ৩৪টিরই মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেন। এর মধ্যে মাত্র ছয়টিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, প্রবাসী ও বৈদেশিক কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু উপস্থিত ছিলেন।
