২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মমতাকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে টানা দ্বিতীয় দফায় জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 11:21 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি একটি অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

ভারতের পাঁচটি রাজ্যের বিধান সভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে মঙ্গলবার।পশ্চিমবঙ্গে গতবারের চেয়ে ৩০টি আসন বেশি পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় দফায় জয়ী হয়েছে মমতার দল তৃণমূল কংগ্রেস।

“এটা আপনার দরিদ্রবান্ধব ও উন্নয়নমুখী নীতি এবং পশ্চিমবঙ্গের জনগণের কল্যাণে আপনার নিষ্ঠার স্বীকৃতি,” মমতাকে লিখেছেন মাহমুদ আলী।   

বার্তায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর আলোকপাত করে তিনি বলেন, ঢাকা ও দিল্লির বর্তমান নেতৃত্বের অধীনে এই সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ পৌঁছেছে।

“শক্তিশালী ঐতিহাসিক সম্পর্ক এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের জনগণের ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধের মিল এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে,” বলেন তিনি।

আগামীতে এই সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন মাহমুদ আলী।

মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।