টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দুই অর্থবছরের হিসাবে ‘গরমিল’
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ‘বেশ কিছু ব্যয়ে গরমিল’ পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ২০০৭-০৮ ও ২০০৮-২০০৯ অর্থ বছরের হিসাবের ওপর সাতটি অডিট আপত্তির সাথে জড়িত ১৮ কোটি ৫৪ লাখ ১০ হাজার টাকা আপত্তি নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বিভিন্ন সংস্থা এবং ব্যক্তির কাছে টেলিফোনের বকেয়া বিল বাবদ অনাদায়ী ২ কোটি ৭০ লাখ ৭২ হাজার আদায়ে মামলার বিষয়ে বৈঠকে তদারকি জোরদার করার সুপারিশ করা হয় বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
এছাড়া ‘ভূগর্ভস্থ কেবল মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের নামে’ বহিরাগত শ্রমিকদের মজুরি পরিশোধ করায় ২৩ লাখ ৭৮ হাজার টাকা ক্ষতি বিষয়ক একটি আপত্তি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করার সুপারিশ করা হয়।
বহিরাগত শ্রমিক নিয়োগের প্রক্রিয়ায় নিবিড় তদারকির পাশাপাশি আউট সোর্সিং এর মাধ্যমে শ্রমিক নিয়োগের সুপারিশ করেছে কমিটি।
আমদানি করা যন্ত্রাংশের মূল্যের উপর ইন্সুরেন্স বাবদ অগ্রিম পরিশোধ করা ৮ কোটি ৭০ লাখ ৩২ হাজার টাকার হিসাব নিয়ে অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি ৩০ দিনের মধ্যে অগ্রিমের বাকি থাকা টাকা আদায় না হওয়ার কারণ জানতে চেয়েছে কমিটি।
সরবরাহকারী প্রতিষ্ঠানকে ক্রস চেকের পরিবর্তে নগদে ৬২ লাখ ৭৮ হাজার টাকা অনিয়মিতভাবে পরিশোধ করার অডিট আপত্তির প্রেক্ষিতে কমিটি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ওই অর্থ আদায়ের সুপারিশ করেছে।
মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় না করায় ১০ লাখ ৯৩ হাজার ৮৮ টাকার রাজস্ব ক্ষতি এবং বৈদেশিক মালামাল ছাড় করার জন্য অগ্রিম দেওয়া ভ্যাটের উদ্বৃত্ত ছয় কোটি ২ লাখ ৮১ হাজার টাকা ফেরত না আনায় আর্থিক ক্ষতির দুটি অডিট আপত্তিও নিষ্পত্তির সুপারিশ করেছে কমিটি।
কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে কমিটির সদস্য আব্দুস শহীদ, পঞ্চানন বিশ্বাস, আফসারুল আমীন, রেবেকা মমিন, শামসুল হক টুকু, মইন উদ্দিন খান বাদল ও রুস্তম আলী ফরাজী বৈঠকে উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
