পর্দা উঠল সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতার
দেশের প্রতিটি উপজেলায় একটি করে সুইমিং কমপ্লেক্স করে দিতে পারলে সারা দেশের যুব সমাজ সাঁতারে অনেক এগিয়ে যাবে বলে মনে করেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারু অন্বেষণে প্রতিযোগিতা ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ উদ্বোধন করে এ মন্তব্য করেন তিনি।
উদ্বোধনীতে সৈয়দ আশরাফ বলেন, “আমাদের দেশের ছেলে মেয়েরা খেলাধুলায় অনেক এগিয়ে যাচ্ছে। সাঁতারে আমাদের যুব সমাজের অসম্ভব সম্ভবনা রয়েছে।
“দেশের প্রতিটি উপজেলায় সুইমিং কমপ্লেক্স করে দিতে পারলে সাঁতারুরা আরও বেশি উৎসাহিত হয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে।”
সুইমিং কমপ্লেক্স করার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উত্থাপনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, “উপজেলায় না দিতে পারলেও অন্ততপক্ষে প্রতিটি জেলায় একটি করে সুইমিং কমপ্লেক্স করার প্রয়োজন।”
বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও নৌবাহিনীর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মত প্রতিভাবান সাঁতারু অন্বেষণের এই প্রতিযোগিতা শুরু হলো।
এদের মধ্যে ঢাকা বিভাগের সেরা ২৪ জনকে পুরস্কার দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ।
উদ্ভোধনীতে প্রথমবারের মতো দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশ থেকে সেরা সাঁতারুদের খুঁজে বের করার এই পদক্ষেপকে ‘যুগান্তকারী’ অভিহিত করে ক্রীড়া ক্ষেত্রে এর মাধ্যমে সাফল্য আসবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনীর প্রধান এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।
তিনি জানান, পর্যায়ক্রমে আগামী ২ অক্টোবর পর্যন্ত দেশের ৬৪টি জেলায় এই প্রতিযোগিতার বাছাই পর্ব চলবে। বাছাই পর্ব থেকে ১৬০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করে বিদেশি প্রশিক্ষকের মাধ্যমে তিন মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেওয়া হবে।
নির্বাচিত এই ১৬০ জনকে পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট ও নগদ অর্থ দেওয়া হবে বলেও জানান নৌপ্রধান নিজাম উদ্দিন।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজউদ্দিন রফিজ জানান, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার মধ্যে ২৪মে মুন্সিগঞ্জে, ২৫ মে নারায়ণগঞ্জে, ২৬ মে নরসিংদীতে, ২৮মে কিশোরগঞ্জ, ২৯মে নেত্রকোণায়, ৩০ মে ময়মনসিংহ, ৩১ মে শেরপুর, ০১ জুন জামালপুরে, ২ জুন টাঙ্গাইলে ও ০৪ জুন গাজীপুরে বাছাই পর্ব চলবে।
উদ্বোধনীতে অন্যদের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, গাজীপুরের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাউসার বক্তব্য রাখেন।
