ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালুর দাবি কৃষক সমিতির
প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান-চাল ক্রয় নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান বলেন, “বর্তমান বাজার ব্যবস্থাপনায় কৃষকরা তাদের কায়িক শ্রমের মূল্যও পাচ্ছে না। যারা বর্গা চাষী তাদের অবস্থা আরও শোচনীয়। অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষিকে বাঁচাতে এই অঙ্গণে সরকারকে আরও মনোযোগী হওয়া উচিত।”
কৃষকদের পরিস্থিতি বর্ণনা করে বক্তারা বলেন, বর্তমানে প্রান্তিক চাষীরা সবচেয়ে বেশি নিগৃহীত। হাওড় অঞ্চলে বাঁধ ভেঙে নামা ঢলের পানিতে তলিয়ে গেছে অনেক ফসলী জমি। অনেক অঞ্চলে প্রতিদিন সেচের সময় গড়ে দুই ঘণ্টা করে লোডশেডিং ছিল। তারা চড়ামূল্যের ডিজেল জ্বালিয়ে সেচ ব্যবস্থা সচল রেখেছে।
এ অবস্থায় কৃষকদেরকে লাভজনক মূল্য না দিলে তারা পথে বসবে, বলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।
মানববন্ধনে জানানো হয়, সরকার গত মাসে ২৩ টাকা কেজিতে বোরো ধান কেনার যে নীতি ঘোষণা করেছিল তাকে স্বাগত জানিয়েছিল কৃষক সমিতি। কিন্ত প্রান্তিক অঞ্চলে ক্রয়কেন্দ্র চালু না করায় তৃণমূলের কৃষকরা ক্রয় প্রক্রিয়া থেকে লাভবান হচ্ছে না।
২৩ টাকা কেজি দরে সাত লাখ টন ধান ও ৩২ টাকা কেজি দরে ৬ লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ মে থেকে ৩১ অগাস্ট অর্থাৎ চার মাস ধান চাল সংগ্রহের কাজ চলবে।
কৃষক সমিতির অভিযোগ, এতো দীর্ঘ সময় উৎপাদিত পণ্য মজুদ রাখার মতো আর্থিক সক্ষমতা সব কৃষকের নেই। তারা দ্রুত বিক্রির মুখাপেক্ষী। ফলে সরকারি ক্রয় কর্তৃপক্ষকে না পেলে হতাশ কৃষকরা দালাল ফড়িয়ার কাছেই বিক্রি করতে বাধ্য হবে।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে কৃষিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় কৃষক সমিতি।
তাদের দাবির মধ্যে রয়েছে, সব ইউনিয়নে কমপক্ষে একটি ক্রয়কেন্দ্র চালু, ধান ক্রয়ের সময় সর্বোচ্চ ৪৫ দিন এবং চাল ক্রয়ের সময় ৭৫ দিন নির্ধারণ, গুদামগুলো দ্রুত খালি করতে স্বল্প ও বিনামূল্যে দরিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ।
এছাড়া গুদাম খালিকরণ ও ধান-চাল সংগ্রহে যেকোনো অনিয়মের বিরুদ্ধে আপোষহীন অবস্থান; খরা, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং কৃষিপণ্য ক্রয় সংক্রান্ত সব কমিটিতে প্রকৃত কৃষকদের রাখার দাবিও জানিয়েছে কৃষক সমিতি।
