লাঞ্ছিত শিক্ষক চাইলে আইনি সহায়তা দেবে আইনজীবী সমিতি
নারায়ণগঞ্জে লাঞ্ছনার শিকার স্কুল শিক্ষক চাইলে তাকে সব ধরনের আইনি সহায়তা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
লাঞ্ছনার ওই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, “এটি নির্যাতনের মামলা হতে পারে, মানহানির মামলা হতে পারে, কি হবে তা সময়ের ব্যাপার।”
তিনি শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সাংসদ সেলিম ওসমান।
দেশজুড়ে ওই ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবির মধ্যেই মঙ্গলবার সেই শিক্ষককে চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ।
অবশ্য বৃহস্পতিবার স্কুলটির পরিচালনা পর্ষদ বাতিল এবং ওই শিক্ষকের বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় সাংসদ সেলিম ওসমানসহ যাদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না- তা জানতে চেয়ে বুধবার রুল জারি করে হাই কোর্ট।
সংবাদ সম্মেলনে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন বলেন, “প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কান করে ওঠ-বস করিয়ে শুধু তাকেই অপমানিত করা হয়নি, ওই দৃশ্যে দেশবাসীও অপমানিত হয়েছে।
“এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যে সকল ব্যক্তিবর্গ সম্পৃক্ত ছিল, তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।”
সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে কোষাধ্যক্ষ রমজান আলী সিকদারসহ কার্য নির্বাহী কমিটির সদস্য, সাবেক সম্পাদক ড. মমতাজ উদ্দিন আহমদ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।
