দক্ষিণগাঁওয়ের ডোবায় স্কুলছাত্রের লাশ
রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এর এক ডোবা থেকে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মো. সায়েম নামের ১৩ বছর বয়সী ছেলেটি মতিঝিল মডেল স্কুলের বাসাবো শাখায় পড়ত। বুধবার দুপুর থেকে তার খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, “বৃহস্পতিবার ভোরে দক্ষিণগাঁও ঝিলের ডোবায় সায়েমের লাশ ভাসতে দেখা যায়। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন ছিল না।”
মহানগর পুলিশের খিলগাঁও জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নূর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাকে দুর্ঘটনা বলেই তারা মনে করছেন।
তিনি জানান, বুধবার দুপুরে বৃষ্টির মধ্যে সায়েম সাইকেল চালিয়েছিল। সেই কাদামাখা সাইকেল পাওয়া গেছে দক্ষিণগাঁওয়ে তাদের বাসার নিচে। ওই বাসা থেকে দুইশ গজ দূরেই ঝিল।ৎ
সায়েম সাঁতার জানত না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মায়ের বকার ভয়ে সায়েম পা ধোয়ার জন্য ঝিলে গিয়েছিল বলে মনে হচ্ছে। তার ট্রাউজার গোটানো অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পা পিছলে সে পানিতে পড়ে যায়।”
নূর ই আলম বলেন, বৃষ্টির মধ্যে ওই ঘটনার সময় অন্য কেউ ঝিলের কাছে ছিল না।
সায়েমকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। রাতে তার মামা জামাল উদ্দিন সবুজবাগ থানায় একটি জিডি করেন।
দক্ষিণগাঁওয়ের ওই বাসা সায়েমের নানার। সায়েমরা দুই ভাই ও তাদের মা সেখানেই থাকতেন। পরিবারের সঙ্গে তাদের বাবার খুব একটা যোগাযোগ ছিল না বলে পুলিশ জানিয়েছে।
